উপ-রাষ্ট্রপতি নির্বাচনে এবার বিজেপি’র বড় চমক, উপ-রাষ্ট্রপতি পদপ্রার্থী জগদীপ ধনকড়

জাতীয় ডেস্ক, নয়া দিল্লী, ১৬ জুলাই || উপ-রাষ্ট্রপতি নির্বাচনে এবার বড় চমক দিল এন ডি এ৷ উপ-রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হিসেবে বেছে নেওয়া হয়েছে পশ্চিম বঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড়কে।শনিবার সন্ধ্যায় বিজেপি দলের জাতীয় সভাপতি জেপি নাড্ডা এই ঘোষণা করেন। আগামী মঙ্গলবার মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষদিন ৷ তার আগেই শনিবার উপ-রাষ্ট্রপতি পদপ্রার্থীর নাম নির্ধারণে বিজেপি’র সদর দফতরে বৈঠক সম্পন্ন করা হয়। সেখানেই জগদীপ ধনকড়ের নাম উপ রাষ্ট্রপতি হিসেবে চূড়ান্ত করা হয়৷ তার পর সাংবাদিক বৈঠকে ধনকড়ের নাম ঘোষণা করেন নাড্ডা৷
এই বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রী নিতিন গডকড়ি, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান, বিজেপি’র জাতীয় সভাপতি জেপি নাড্ডা-সহ আরও অনেকে।
উল্লেখ্য, আগামী ৬ই আগস্ট উপ-রাষ্ট্রপতি নির্বাচন শুরু হবে৷ আবার ওইদিনই গণনা করা হবে৷ ইতিমধ্যে ৫ই জুলাই নির্বাচনের বিজ্ঞপ্তি জারি হয়ে গিয়েছে৷
এখনও পর্যন্ত বিরোধীদের তরফে কারও নাম ঘোষণা করা হয়নি৷ বিরোধীরা যদি কারও নাম ঘোষণা না করে, তাহলে মঙ্গলবারই নিশ্চিত হয়ে যাবে যে ধনকড়ই দেশের পরবর্তী উপ-রাষ্ট্রপতি৷

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*