গোপাল সিং, খোয়াই, ১৭ জুলাই || এবারের মাধ্যমিক পরীক্ষায় একশো শতাংশ সাফল্যের নজীর গড়লো খোয়াই আনন্দমার্গ হাই স্কুল। মোট ২৯ জন পরীক্ষার্থী বসেছিল এবারের মাধ্যমিক পরীক্ষায়। সবাই কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছে। কৃতীদের দু’জন প্রথম দশের ছাপ্পান্ন জনের মধ্যে স্থান করে নিয়েছে।
শনিবার আনন্দমার্গ হাই স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে মাধ্যমিক উত্তীর্ণ সবাইকে সম্বর্ধনা জ্ঞাপন করা হয়েছে। একই সাথে স্কুল থেকে তাদের বিদায় সম্বর্ধনাও জানানো হয়েছে। আয়োজিত অনুষ্ঠানে এদিন সামিল ছিলেন স্কুলের শিক্ষার্থী, শিক্ষক শিক্ষিকা, অশিক্ষক কর্মচারী ও অভিভাবকেরাও। কৃতী শিক্ষার্থীদের হাতে ফুলের তোড়া, অভিনন্দনপত্র, স্মারক উপহার ও মার্কশিট তুলে দেওয়া হয়।
এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা আধিকারিক সমরেন্দ্র নাথ দাস। এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস ডি এফ সি ব্যাংকের স্থানীয় শাখা সঞ্চালক বিরাট দত্ত ভৌমিক। প্রধান অতিথি ও সম্মানিত অতিথি ছাড়াও বক্তব্য রাখেন স্কুলের পরিচালন কমিটির চেয়ারম্যান দানীশ রঞ্জন পাল, সদস্য আইনজীবী গৌতম ঘোষ, স্কুলের শিক্ষক দীপেন ঘোষ, বিষ্ণু ঘোষ, বিচিত্র সিনহা। অনুষ্ঠানে সভাপতি ছিলেন স্কুলের পরিচালন কমিটির ভাইস চেয়ারম্যান অসিত বরণ ঘোষ। অতিথিরা সবাই বক্তব্য রাখতে গিয়ে কৃতীদের সুখী ও সুন্দর ভবিষ্যৎ কামনা করেন ও আগামী দিনে জীবনের সব পরীক্ষায় সফলতার আশাবাদ ব্যক্ত করেন। কৃতী ছাত্র ছাত্রীরাও কয়েকজন বক্তব্য রাখেন।
