জাতীয় ডেস্ক, দিল্লী, ২৫ জুলাই || ভারতের ১৫’তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন দ্রৌপদী মুর্মু। তাঁকে শপথ বাক্য পাঠ করান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এনভি রমনা। সোমবার সকাল ১০টা ১৫ মিনিটে শপথ বাক্য পাঠ করতে শুরু করেন দেশের প্রথম জনজাতি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
শপথ নেওয়ার পরে জাতির উদ্দেশে ভাষণে দ্রৌপদী মুর্মু বলেন “স্বাধীনতার ৭৫ তম বছরে রাষ্ট্রপতির দায়িত্ব পেয়ে আমি সম্মানিত”। সংসদে ভাষণ দিতে গিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আরও বলেন, “ রাষ্ট্রপতি পদে পৌঁছানো আমার ব্যক্তিগত কৃতিত্ব নয়, এটি ভারতের প্রতিটি দরিদ্রে মানুষের কৃতিত্ব। আমার মনোনয়ন প্রমাণ করে যে ভারতের দরিদ্ররা কেবল স্বপ্ন দেখতে নয়, সেই স্বপ্নগুলিও পূরণ করতে পারে,”।
এদিন তিনি বিদায়ী রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গেও দেখা করেন। এদিন শপথ গ্রহণ অনুষ্ঠান উপলক্ষে উপস্থিত ছিলেন উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, লোকসভার স্পিকার ওম বিড়লা, রাজ্যের গভর্নর সহ বিশিষ্ট অতিথিবর্গ।
