আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৫ জুলাই || সোমবার সকালে সংসদের সেন্ট্রাল হলে ভারতের ১৫’তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন দ্রৌপদী মুর্মু। তাঁকে শপথ বাক্য পাঠ করান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এনভি রমনা।
এদিনের শপথগ্রহণ অনুষ্ঠানে অংশ নিয়েছেন ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। এদিন শপথ গ্রহণ অনুষ্ঠান উপলক্ষে উপস্থিত ছিলেন উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, লোকসভার স্পিকার ওম বিড়লা, রাজ্যের গভর্নর সহ বিশিষ্ট অতিথিবর্গ।
এদিন রাষ্ট্রপতি ভবনে গার্ড অফ অনারে অভিবাদন জানানো হয় দেশের নতুন রাষ্ট্রপতিকে। তিন বাহিনীর পক্ষ থেকে নতুন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে গার্ড অফ অনারে অভিবাদন জানানো হয়। এদিন রাষ্ট্রপতি ভবনে তিন বাহিনীর পক্ষ থেকে বিদায়ী রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকেও গার্ড অফ অনারে অভিবাদন জানানো হয়।
