কমনওয়েলথ গেমসে ভারোত্তোলনে অচিন্ত্য শিউলির হাত ধরে ভারতের ঝুলিতে এল তৃতীয় স্বর্ণ পদক

খেলাধুলা ডেস্ক, ০১ আগস্ট || কমনওয়েলথ গেমস ২০২২-এ হাওড়ার অচিন্ত্য শিউলির হাত ধরে ভারতের ঝুলিতে এল তৃতীয় স্বর্ণ পদক। হাওড়ার ছেলে ২০ বছর বয়সি অচিন্ত্য শিউলি পুরুষদের ৭৩ কিলোগ্রাম ভারোত্তলন বিভাগে সোনার পদক জয় করে নেন। অচিন্ত্য স্ন্যাচ বিভাগে ১৪৩ কেজি ওজন তুলেছেন। পাশাপাশি ক্লিন অ্যান্ড জার্ক বিভাগে তিনি ১৭০ কিলোগ্রাম ওজন তুলে দেশের হয়ে এক নয়া ইতিহাস গড়েন। মোট ৩১৩ কেজি ওজন তুলেছেন তিনি।
কমনওয়েলথ গেমস ২০২২-এর তৃতীয় দিনেও সোনায় মুড়ল ভারত। রবিবার ভারত দু’টি সোনা জিতেছে, দু’টি জয়ই আসে ভারোত্তোলনে। এছাড়া অন্যান্য ইভেন্টের পারফরম্যান্সও ছিল প্রশংসনীয়। ক্রিকেটে, ভারতীয় মহিলা দল জয়ের পথে, চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে পরাজিত করে। অন্যদিকে বক্সার নিখাত জারিনের শুরুটাও ছিল প্রশংসাজনক। টেবিল টেনিসে সেমিফাইনালে উঠেছে ভারতীয় পুরুষ দল। এর পাশাপাশি ব্যাডমিন্টনের মিক্সড টিম ইভেন্টে পদক নিশ্চিত করার দৌড়ে এগিয়ে ভারত।
এখনও অবধি, কমনওয়েলথ ২০২২-এ ভারত জয় করে নিয়েছে ছয়টি পদক। প্রতিটিই এসেছে ভারোত্তলনে। মীরাবাই চানু, জেরেমি লালরিনুঙ্গা এবং অচিন্ত্য শিউলি স্বর্ণপদক জিতেছেন। অন্যদিকে রুপো জিতে নিয়েছেন সংকেত মহাদেব সরগর ও বিন্দিয়ারানি দেবী। এছাড়াও, গুরুরাজা পূজারি ৬১ কেজি ওজন বিভাগে ব্রোঞ্জ পদক জিতে সফল হন। বর্তমানে ছয় নম্বরে রয়েছে ভারত।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*