অধিক দামে ইউরিয়া সার বিক্রয় করতে গিয়ে গণরোষের মুখে কৃষি সহায়ক, এলাকাজুড়ে উত্তেজনা

সাগর দেব, তেলিয়ামুড়া, ০২ সেপ্টেম্বর || কৃষি দপ্তরের সরকারী কর্মচারী কৃষি সহায়ক অনৈতিকভাবে নায্যমূল্যের চেয়ে অধিক দামে ইউরিয়া সার বিক্রয় করতে গিয়ে গণরোষের মুখে পরে। ঘটনা কল্যাণপুর কৃষি মহাকুমাধীন দ্বারিকাপুর গ্রাম সেবক কেন্দ্রে। ঘটনার বিবরণ দিতে গিয়ে এলাকাবাসীরা দাবি করেন, দিনের পর দিন অতিরিক্ত দামে সার, বীজ সহ বিভিন্ন কীটনাশক ঔষধ সাধারণ মানুষের কাছে বিক্রি করে চলেছেন কৃষি সহায়ক দীপঙ্কর দেবনাথ, এছাড়া ওজনে কারচুপির‌ও অভিযোগ রয়েছে। এলাকাবাসীরা বহুদিন ধরেই ছিলেন তক্কে তক্কে। বৃহস্পতিবার স্থানীয় কয়েকজন কৃষক যখন ইউরিয়া সার কিনতে যান তখন সংশ্লিষ্ট কৃষি সহায়ক দীপঙ্কর দেবনাথ ইউরিয়া সারের দাম সরকারি মূল্য ৫.১৪ এর বদলে ৯.৫৫ রাখেন জানা যায়। তখনই বাঁধে বিপত্তি। তখন সংশ্লিষ্ট কৃষক এই ইউরিয়া সারের দাম নিয়ে প্রতিবাদ করলেই খেই হারিয়ে ফেলেন গুনধর এই সরকারী কর্মী। মানুষ সম্মিলিতভাবে প্রতিবাদে সামিল হন এবং একসময় তালা বন্ধ করে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। দেখতে দেখতে বিক্ষোভকারীর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে। অবস্থা সামাল দিতে কল্যাণপুর থেকে পুলিশ এবং দপ্তরের শীর্ষ কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান। অবস্থা বেগতিক দেখে পুলিশ কোনভাবে অভিযূক্ত সরকারী কর্মীকে আটক করে থানায় নিয়ে গেলে পরিস্থিতি আয়ত্বে আসে। এই ব্যাপারে ‘নিউজ আপডেট অব ত্রিপুরা ডট কম’ প্রতিনিধির সাথে কথা বলার সময় অভিযূক্ত দীপংকর দেবনাথ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, নিজের অজান্তেই এই ভুল করেছেন। তিনি মাপে কম দেবার বিষয়টিও স্বীকার করে নিয়েছেন প্রকারান্তরে।
এদিকে এই বিষয়ে কল্যাণপুর কৃষি মহকুমা অফিসে বসে সাংবাদিকদের সাথে কথা বলার সময় অতিরিক্ত কৃষি আধিকারিক অরবিন্দ দেববর্মা ঘটনা সম্পর্কে বলেছেন, কৃষি সহায়ক যে এভাবে অনৈতিকভাবে সারের দাম বেশী রেখে চলেছেন তা দপ্তরের নজরে আসার সাথে সাথেই কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে। এখন যেহেতু জনতার অভিযোগ দপ্তরের কাছে লিখিত আকারে জমা পড়েছে, তাই দপ্তর আইনগতভাবে দপ্তরিক প্রতিবিধান অনুযায়ী যতটুকু করা যায় সবকিছু করবেন। কোনভাবেই অন্যায়ের সাথে আপোষ করা হবেনা বলে কৃষি আধিকারিক অরবিন্দ দেববর্মা সহ অন্যান্য আধিকারিকরা দাবী করেছেন। পাশাপাশি এটাও জানা গেছে এই বিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত করার জন্য ইতিমধ্যে কল্যাণপুরের কৃষি আধিকারিকের নেতৃত্বে উচ্চ পর্যায়ের তদন্তকারী দল গঠন করা হয়েছে, এই কমিশনের রিপোর্টের উপর ভিত্তি করেই পরবর্তী সময়ে পদক্ষেপ গ্রহণ করা হবে।
সরকারি কৃষি সহায়ক এর এভাবে দিনের পর দিন অনৈতিকভাবে সরকারি নির্ধারিত মূল্যের তুলনায় অধিক মূল্যে সার বিক্রি করতে গিয়ে হাতেনাতে আটক হবার খবর ছড়িয়ে পড়তেই গোটা বাগানবাজার সহ কল্যাণপুরে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে।
সবার একটাই দাবি দপ্তর যেন উপযুক্ত তদন্তক্রমে সঠিক ব্যবস্থা গ্রহণ করে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*