সাগর দেব, তেলিয়ামুড়া, ১৩ অক্টোবর || নিজ বাড়ি থেকে এক ব্যাক্তির পঁচা গলা মৃতদেহ উদ্ধার ঘিরে এলাকায় চাঞ্চল্য, ঘটনা তেলিয়ামুড়া থানাধীন শান্তিনগর এলাকায়।
ঘটনার বিবরণের জানা যায়, তেলিয়ামুড়া থানা এলাকার শান্তিনগর এলাকার বাসিন্দা হীরেন্দ্র দেবনাথ নামের ৫০ বছর বয়সি এক ব্যাক্তির নিজ বাড়ি থেকে পঁচা গলা মৃতদেহ উদ্ধার হলো বুধবার। জানা গেছে, হীরেন্দ্র দেবনাথ নামের ওই ব্যাক্তির পরিবারের লোকজন কোন এক অজ্ঞাত কারণে উনার সঙ্গে থাকেন না। উনি একাই উনার বাড়িতে বসবাস করতেন বেশ কয়েক বছর ধরে। উনার পরিবারের লোকজনেরা উনাকে ছেড়ে চলে যাবার পর থেকে পাড়া প্রতিবেশী সহ আত্মীয় স্বজনদের সঙ্গেও তেমন কথাবার্তা হতো না। তিনি নিজ বাড়িতেই নিজের মতো করেই থাকতেন।
সে কারণে পাড়া-প্রতিবেশীর লোকজনেরাও উনার বিষয়ে তেমন খোঁজ খবর রাখতেন না। বিগত চার-পাঁচ দিন ধরে শান্তিনগর এলাকায় কোন কিছুর পঁচা গন্ধে এলাকার আকাশ বাতাস বিশিয়ে উঠেছিল। পরবর্তীতে এলাকার লোকজনেরা ওই এলাকার কাউন্সিলর তথা চেয়ারপার্সনের সঙ্গে পঁচা গন্ধের বিষয়টি নিয়ে আলোচনা করে। শেষ পর্যন্ত স্থানীয় কাউন্সিলর তথা চেয়ারপার্সন তেলিয়ামুড়া থানা পুলিশের সঙ্গে যোগাযোগ করলে তেলিয়ামুড়া থানার পুলিশ এসে তদন্তে নেমে দেখতে পায় হীরেন্দ্র দেবনাথ নামের ওই ব্যাক্তির বাড়ি থেকে পঁচা গন্ধ আসছে। শেষমেষ পুলিশ দেখতে পায় হীরেন্দ্র দেবনাথের বাড়িতে হীরেন্দ্র দেবনাথের পঁচা গলা মৃতদেহ পড়ে রয়েছে। শেষে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের ডোমকে তেলিয়ামুড়া থানার পুলিশ খবর পাঠালে ডোম এসে পঁচা গন্ধের কারণে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। যদিও শেষ খবর লেখা পর্যন্ত পুলিশি নিগরানিতে সেই পঁচা গলা মৃতদেহটি বুধবার রাতে উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় ময়নাতদন্তের জন্য।
