জাতীয় ডেস্ক, হিমাচল প্রদেশ, ১৩ অক্টোবর || সবুজ পতাকা নেড়ে চতুর্থ বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হিমাচল প্রদেশের উনা জেলায় বৃহস্পতিবার থেকে মোদীর হাতে রাজ্য যাত্রা শুরু হল বন্দে ভারত এক্সপ্রেসের। হিমাচল প্রদেশের জন্য এই প্রথম সেমি-হাই-স্পিড ট্রেনটি দিল্লি ও আম্ব আনদৌরার মাঝে চলাচল করবে। এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশাপাশি এদিন উপস্থিত ছিলেন রেলমন্ত্রী অশ্বিণী বৈষ্ণব, কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরও।
এই রেল পরিষেবা বুধবার ছাড়া সপ্তাহের বাকিদিন উপলব্ধ থাকবে বলে জানা গিয়েছে। এই পরিষেবার ফলে দিল্লি ও চণ্ডীগঢ়ের মধ্যে যাতায়াতের সময় কমে তিন ঘণ্টা হয়ে যাবে বলে জানা গিয়েছে। হিমাচল প্রদেশের রাজধানী থেকে মোট ৫ ঘণ্টাতেই পৌঁছনো যাবে চণ্ডীগঢ়ে। রেলওয়ে মন্ত্রকের তরফে একটি বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছিল, ‘৫২ সেকেন্ডেই এই ট্রেন প্রতি ঘণ্টায় ১০০ কিলোমিটার গতিবেগ তুলতে পারে। এই ট্রেন পরিষেবার ফলে এই অঞ্চলে পর্যটনকে আরও উৎসাহিত করবে।’ এই বন্দে ভারত এক্সপ্রেসের সূচনার ফলে হিমাচল প্রদেশ, পঞ্জাব ও হরিয়ানার বিভিন্ন ধর্মীয় স্থানে তীর্থ যাত্রীদের ভ্রমণে অনেকটাই সুবিধা হবে।
