আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৬ মার্চ || সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দ্বিতীয় বারের মতো রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন ডাঃ মানিক সাহা। সোমবার নব নির্বাচিত বিধায়ক ও বিধায়িকাদের নিয়ে ত্রিপুরা প্রদেশ বিজেপি’র নির্বাচনী কার্যালয়ে অনুষ্ঠিত হয় পরিষদীয় দলের বৈঠক। এই পরিষদীয় দলের বৈঠকে এদিন পরিষদীয় দলের নেতা হিসেবে নির্বাচিত হয়েছে ডাঃ মানিক সাহা। দ্বিতীয় বারের জন্য পরিষদীয় নেতা নির্বাচিত হওয়ার পর ডাঃ মানিক সাহাকে শুভেচ্ছা জানান রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্বরা। এরপর সকলের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ে অংশ নেন নির্বাচিত পরিষদীয় নেতা ডাঃ মানিক সাহা।
পরিষদীয় দলের বৈঠকের পর দ্বিতীয় বারের মতো রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে ডাঃ মানিক সাহা নির্বাচিত হওয়ার পর বিজেপি দলের কর্মী সমর্থকরা বিজেপি নির্বাচনী কার্যালয়ের সামনে আনন্দ উচ্ছ্বাসে বাজি পটকা ফাটায়।
এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন দ্বিতীয় বারের ভাবি মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, রাজ্য প্রভারী মহেশ শর্মা, আসামের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য, বিজেপি’র সর্বভারতীয় মুখপাত্র তথা উত্তর পূর্বাঞ্চলের কোর্ডিনেটার সম্বিৎ পাত্রা, বিধায়িকা প্রতিমা ভৌমিক, সাংসদ রেবতী কুমার ত্রিপুরা সহ নবনির্বাচিত সমস্ত বিধায়ক- বিধায়িকারা।
উল্লেখ্য, আগামী ৮ই মার্চ রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে অনুষ্ঠিত হবে ত্রয়োদশ বিধানসভার নবনির্বাচিত বিধায়কদের শপথ গ্রহণ অনুষ্ঠান। সেদিনই শপথ নেবেন মুখ্যমন্ত্রী।
