সাগর দেব, তেলিয়ামুড়া, ৩০ মার্চ || প্রতারক চক্রের খপ্পরে পড়ে সর্বস্বান্ত এক ব্যাঙ্ক গ্রাহক! ঘটনা তেলিয়ামুড়ায়। ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করে প্রতারক চক্র একাউন্টের সমস্ত টাকা নিয়ে যায় বলে অভিযোগ। ব্যাঙ্ক একাউন্টের সম্পূর্ণ টাকা খালি হয়ে যাওয়ায় তেলিয়ামুড়া থানার দ্বারস্থ হয় ঐ ব্যাঙ্ক গ্রাহক। প্রতারক চক্রের শিকার হওয়া ব্যাঙ্ক গ্রাহকের অভিযোগ মূলে জানা যায়, চলতি বছরের মার্চ মাসের ২৭ তারিখ ফোন যুগে বন্ধন ব্যাঙ্ক কর্তৃপক্ষের পরিচয় দিয়ে তেলিয়ামুড়া থানাধীন মহারানীপুর এলাকার বাসিন্দা সুব্রত দেব নামের এক যুবকের কাছ থেকে তার ব্যাঙ্ক এর বিভিন্ন তথ্য নিয়ে নেয় প্রতারক চক্র এবং ওই যুবক অভিযোগ করেন ফোনযুগে প্রতারক চক্রের এক পান্ডা তাকে জানায় তার মোবাইলে একটি মেসেজ এসেছে, সেই মেসেজটি ফরওয়ার্ড করে পুনরায় তাদেরকে পাঠানোর জন্য। সেই মোতাবেক সেই মেসেজটি ফরওয়ার্ড করে তাদেরকে পাঠায় ওই যুবক। পরবর্তীতে ওই যুবকের ব্যাঙ্ক একাউন্টে থাকা সমস্ত টাকা মুহূর্তের মধ্যেই খালি হয়ে যায় বলে অভিযোগ করেন ওই যুবক। প্রতারক চক্র ওই যুবকের ব্যাঙ্ক একাউন্টে থাকা প্রথমে ১০,১০১ এবং পরবর্তীতে ৭৭,৮০০ টাকা নিয়ে যায়। ওই যুবকের অভিযোগ তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট হ্যাক করে টাকা নিয়ে গেছে প্রতারক চক্র। পরবর্তীতে বুধবার দিন এ বিষয়ে তেলিয়ামুড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে সুব্রত দেব নামের ওই ব্যাঙ্ক গ্রাহক।
