জাতীয় ডেস্ক, দিল্লী, ১০ সেপ্টেম্বর || নয়া দিল্লীতে শেষ হল জি-২০ শীর্ষ সম্মেলন। রবিবার এই সম্মেলনের সমাপ্তি ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সঙ্গেই জি-২০ সভাপতিত্বের দায়িত্ব আনুষ্ঠানিকভাবে তিনি তুলে দিলেন ব্রাজিলের প্রেসিডেন্টের হাতে। জানানো হয়েছে, ২০২৪ সালে জি-২০ বৈঠক বসবে ব্রাজিলের রাজধানী রিও ডি জেনেরিওতে। সেখানেই বসবে জি-২০ এর ১৯’তম সম্মেলন। রবিবার, ব্রাজিলের হাতে জি-২০ সভাপতিত্বের দায়িত্ব তুলে দেওয়া হলেও এখনও এই পদে থাকছে ভারতই। আগামী নভেম্বর মাস পর্যন্ত ভারতই জি২০-র সভাপতি থাকবে। এরই মধ্যে আরও একটি বৈঠক করার প্রস্তাব দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নভেম্বর মাসেই শীর্ষ পর্যায়ে জি২০-র একটি বৈঠক হবে বলে ঠিক হয়েছে। নরেন্দ্র মোদীর প্রস্তাব মেনে নিয়েছে অন্য দেশগুলি। ঠিক করা হয়েছে নভেম্বর মাসেই ওই বৈঠক হবে। তবে সেই বৈঠক হবে ভার্চুয়ালি।
উল্লেখ্য, শনিবার থেকে দিল্লীতে শুরু হয় জি-২০ শীর্ষ সম্মেলন। শুক্রবারই, নয়া দিল্লিতে এসে পৌঁছেছেন জো বাইডেন থেকে ঋষি সুনক। সেজে উঠে নয়া দিল্লীর প্রগতি ময়দান। সম্মেলনের পাশাপাশি একাধিক দ্বিপাক্ষিক বৈঠক হয়। এদিকে, শীর্ষ সম্মেলনকে ঘিরে নয়া দিল্লীতে কার্যত লকডাউনের মতো পরিস্থিতি তৈরি হয়েছিল।
