আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৭ নভেম্বর || গত বুধবার ১৫’তম কিস্তি বাবদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী কিষান স্কিমের আওতায় ত্রিপুরার কৃষকদের কাছে ৪৪ কোটি ৫৯ লক্ষ টাকা পাঠিয়েছেন। ত্রিপুরায় ২ লক্ষ ২২ হাজার ৯৫৫ জন কৃষক এই টাকা পেয়ে উপকৃত হয়েছেন। বৃহস্পতিবার সচিবালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই তথ্য তুলে ধরেন রাজ্যের কৃষিমন্ত্রী রতন লাল নাথ। এদিন তিনি বলেন, বাম আমলে ২০১৬-১৭ অর্থবর্ষে কৃষকদের মাসিক আয় ছিল ৬,৫৮০ টাকা। জাতীয় নমুনা সমীক্ষা অনুযায়ী ২০১৮-১৯ অর্থবর্ষে সেই আয় বেড়ে হয়েছে ৮,৯৮২ টাকা। তিনি বলেন, ২০২০-২১ অর্থবর্ষে রাজ্যের নিজস্ব সমীক্ষায় দেখা গেছে কৃষকদের আয় বেড়ে হয়েছে ১১,০৯৬ টাকা। কিন্তু, ২০২২-২৩ অর্থবর্ষে সেই আয় আরও বেড়ে ১৩,৫৯০ টাকা হওয়ার লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে বলে জানান কৃষিমন্ত্রী রতন লাল নাথ।
