প্রবল বর্ষণে গন্ডাছড়া মহকুমায় বহু মানুষ ঘর ছাড়া, দুপুর পর্যন্ত ৮টি রিলিফ ক্যাম্প খোলা হয়েছে

সুব্রত দাস, গগন্ডাছড়া, ২১ আগস্ট || বর্ষা এব্যাহত। কয়েক মিনিটের জন্যও থামছে না মুষুলধারে বৃষ্টি।ফলে প্রবল বর্ষণে বেকায়দায় পড়েছে গন্ডাছড়া মহকুমার সকল অংশের মানুষজন। প্রবল বর্ষণে প্রায় ঘর বন্দী হয়ে পড়েছে সাধারণ মানুষজন সহ দীনমুজুর, ব্যবসায়ী, কৃষক, মৎস্যজীবি এবং গাড়ী চালক সহ গাড়ী শ্রমিকরা। গত কয়েকদিনের টানা বৃষ্টিতে গন্ডাছড়া মহকুমার অন্তর্গত বিস্তীর্ণ অঞ্চলই জল গ্রাস করে নিয়েছে। এরমধ্যে হাতিরমাথা, দলপতিপাড়া, তুইচাকমা, গাছবাগান, ধলাঝারি, লক্ষীপুর, দুর্গাপুর এবং রামনগর চন্দ্রকিশোর পাড়া, নায়রাহা চৌধুরী পাড়া সহ আরো বেশ কিছু অঞ্চল জলমগ্ন হয়ে পড়েছে। বেশ কিছু গ্রামের ঘরবাড়ি ভেঙে পড়ার সংবাদ পাওয়া গিয়েছে। বিলম্ব না করে বুধবার সাত সকালেই মহকুমার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের নিয়ে বৈঠকে বসেন মহকুমা শাসক চন্দ্রজয় রিয়াং। বুধবার মোবাইল ফোনে গন্ডাছড়া মহকুমার বন্যা পরিস্থিতি নিয়ে জানতে চাইলে মহকুমা শাসক চন্দ্রজয় রিয়াং আমাদের প্রতিনিধিকে জানান, প্রবল বর্ষণের ফলে অন্যান্য স্থানের ন্যায় গন্ডাছড়া মহকুমার বিভিন্ন স্থানে বন্যার সৃষ্টি হয়েছে। বহু মানুষ ঘর ছাড়া হয়েছেন। গন্ডাছড়া মহকুমার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা ঘর ছাড়াদের রিলিফ দেওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বুধবার দুপুর পর্যন্ত মহকুমার বিভিন্ন স্থানে ৮টি রিলিফ ক্যাম্প খুলে ঘরছাড়াদের আশ্রয় দেওয়া হয়েছে। প্রতিটি রিলিফ ক্যাম্পে জল দপ্তরের পক্ষ থেকে পানীয় জল পৌঁছে দেওয়া হচ্ছে। সকলের জন্য খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। মহকুমা শাসক চন্দ্রজয় রিয়াং আরো জানান আরো কয়েকটি রিলিফ ক্যাম্প বাড়তে পারে। তবে সকলের সাহায্য চেয়ে বলেছেন ভয়ের কিছু নেই। প্রশাসন ঘরছাড়াদের পাশে থাকবে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*