সুব্রত দাস, গন্ডাছড়া, ২২ মে || গন্ডাছড়া করল্যাছড়ি এলাকার চন্দ্রদাস পাড়ায় ভয়ানক অগ্নিকাণ্ডে মর্মান্তিক মৃত্যু হলো ৭০ ঊর্ধ্ব বৃদ্ধের।
গন্ডাছড়া মহকুমার অন্তর্গত করল্যাছড়ি এলাকার চন্দ্রদাস পাড়ায় মঙ্গলবার গভীর রাতে নিজের বাড়িতে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় ধন চাকমা নামে ৭০ উর্ধ্ব এক বৃদ্ধ ব্যক্তির।
স্থানীয় সূত্রে জানা যায়, এদিন গভীর রাতে রান্নার চুল্লি থেকে গভীর রাতে হঠাৎ আগুন লেগে যায় বৃদ্ধের বসত ঘরে। আগুন লাগার পর ধন চাকমা নিজ বাড়ির আসবাবপত্র রক্ষা করতে ঘরের ভেতরে প্রবেশ করেন। কিন্তু মুহূর্তেই আগুন বড় আকার ধারণ করে এবং আগুনের লেলিহান শিখা তাঁকে গ্রাস করে নেয়। স্থানীয়রা অগ্নি নির্বাপক দপ্তরে খবর দিলেও, ততক্ষণে অগ্নিদগ্ধ হয়ে পড়ে ধন চাকমা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ঘরের ভিতরেই অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় তার। এই ভয়ানক অগ্নিকাণ্ডে বৃদ্ধের মৃত্যুতে এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
