আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৪ জুন || শরিফুল হত্যাকাণ্ডের রেশ কাটতে না কাটতেই আবারও ভালোবাসার নাম করে প্রাণ হারাতে হল এক যুবককে। নিহত যুবকের নাম অভিজিৎ সরকার (২১)। অভিযোগ, পূর্ণিমা চক্রবর্তী নামে এক বিবাহিতা মহিলার ফাঁদে পড়ে বিষ খেয়ে আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হয় সে।
স্থানীয় সূত্রে জানা যায়, অভিজিৎ এবং পূর্ণিমার মধ্যে দুই বছরেরও বেশি সময় ধরে সম্পর্ক চলছিল। পূর্ণিমার স্বামী ও সন্তান থাকলেও সেই সম্পর্ক গোপন থাকেনি। অভিযোগ, সম্পর্কের জেরে পূর্ণিমা চক্রবর্তী নানা সময়ে অভিজিতকে ব্ল্যাকমেল করে। অশ্লীল ভিডিও পাঠিয়ে এবং সামাজিকভাবে হেয় করার ভয় দেখিয়ে সে অভিজিতকে মানসিক চাপে রাখে।
অভিজিতের পরিবারের দাবি, দীর্ঘদিনের মানসিক নির্যাতনের ফলেই অবশেষে অভিজিৎ আত্মহত্যার পথ বেছে নেয়। পরিবারের তরফে প্রশাসনের কাছে পূর্ণিমা চক্রবর্তীর কঠোর শাস্তির দাবি জানানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তদন্তকারীরা।
