আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৭ জুন || ত্রিপুরার অর্থনীতিকে চালিকাশক্তি হিসেবে এগিয়ে নিতে রাজ্যের প্রধান ফল কুইন আনারসের গুরুত্বকে সামনে রেখে প্রজ্ঞা ভবনে আয়োজিত হলো রাজ্যভিত্তিক এক বিশেষ উৎসব। এই উৎসবে উপস্থিত থেকে রাজ্যের কৃষিমন্ত্রী রতন লাল নাথ রাজ্যের সুমিষ্ট কুইন আনারস উৎপাদনের চিত্র তুলে ধরেন ক্রেতা, বিক্রেতা এবং আগত অতিথিদের সামনে।
মন্ত্রী জানান, “উৎপাদনের পাশাপাশি বাজারজাতকরণ একটি গুরুত্বপূর্ণ বিষয়। চাষিরা যাতে তাদের উৎপাদনের যথাযথ মূল্য পান, সেই লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।” তিনি আরও বলেন, ফল, ফুল ও কৃষি খাত ত্রিপুরার অর্থনীতির চাকা ঘোরাতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং ভবিষ্যতে এর পরিধি আরও বৃদ্ধি পাবে।
অনুষ্ঠানে রাজ্য কৃষি দপ্তরের আধিকারিক, সফল আনারস চাষি এবং বিভিন্ন বিপণন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আনারসের প্রদর্শনী ছাড়াও, কৃষকদের জন্য পরামর্শমূলক অধিবেশন এবং বাজার সংযোগ সংক্রান্ত আলোচনাও অনুষ্ঠিত হয়। উৎসবে আগত অতিথিরা রাজ্যের স্বাদযুক্ত কুইন আনারসের প্রশংসা করেন।
রাজ্য সরকার ভবিষ্যতে কৃষিপণ্যের রফতানি বৃদ্ধির লক্ষ্যে পরিকল্পনা গ্রহণ করেছে বলেও অনুষ্ঠানে জানানো হয়।
