আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৭ জুন || রথযাত্রার পুণ্য লগ্নে আগরতলা পুর নিগমের দক্ষিণ রামনগর এলাকায় এক ধর্মীয় ও সাংস্কৃতিক আবহে অনুষ্ঠিত হলো শ্রী শ্রী রাধাকৃষ্ণ আশ্রমের শুভ ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান। শুক্রবার ৩৫ নম্বর ওয়ার্ডের এই মাঙ্গলিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র-ইন-কাউন্সিল তথা ৩৫ নম্বর ওয়ার্ডের কর্পোরেটর তুষার কান্তি ভট্টাচার্য্য, কর্পোরেটর বাপি দাস, নিবাস দাস, মনোজ কান্তি দেবরায়, নিতু দে গুহ প্রমুখ। এছাড়াও রাজ্য বিজেপি মাইনরিটি সেলের চেয়ারপার্সন জসীমউদ্দীন সাহেব সহ বহু বিশিষ্ট ব্যক্তি উপস্থিত থেকে অনুষ্ঠানের গাম্ভীর্য ও ধর্মীয় তাৎপর্যকে আরও মূর্ত করে তোলেন।
এই ধর্মীয় প্রকল্পের সূচনা উপলক্ষে এলাকাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ এবং আনন্দ লক্ষ্য করা যায়। আশ্রম নির্মাণের মাধ্যমে সমাজে ধর্মীয় চেতনা ও নৈতিক মূল্যবোধ বৃদ্ধির আশাবাদ ব্যক্ত করেন অতিথিবৃন্দ।
