আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৭ জুন || রাজ্যে স্বচ্ছ নিয়োগনীতির মাধ্যমে স্থায়ী কর্মসংস্থানের লক্ষ্যে নিরবচ্ছিন্ন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে রাজ্য সরকার। সেই লক্ষ্যকে সামনে রেখেই আবারও একদফা নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হলো। বিশেষ করে রাজ্যের স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থাকে অধিকতর সুদৃঢ় করতে এবার নতুন করে আরও ২২২ জন প্রার্থীকে বিভিন্ন পদে নিয়োগ দেওয়া হলো।
শুক্রবার রাজধানীর মুক্তধারা অডিটোরিয়ামে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে নিয়োগপ্রাপ্তদের হাতে নিয়োগপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রীবর্গ, প্রশাসনিক কর্তাব্যক্তি ও বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা।
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, “রাজ্য সরকার যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন করছে। স্বাস্থ্য ও শিক্ষার মতো গুরুত্বপূর্ণ খাতে জনবল বাড়িয়ে পরিষেবার মান আরও উন্নত করার লক্ষ্যে আমরা প্রতিনিয়ত কাজ করে চলেছি।” তিনি নবনিযুক্তদের দায়িত্বশীলভাবে নিজেদের কর্তব্য পালন করার আহ্বান জানান।
সরকারি সূত্রে জানা গেছে, এই ২২২ জনের মধ্যে স্বাস্থ্য দপ্তরে নার্স, প্যারা-মেডিকেল স্টাফ ও টেকনিশিয়ান সহ বিভিন্ন পদে নিয়োগ দেওয়া হয়েছে, অন্যদিকে শিক্ষা দপ্তরে শিক্ষক ও সহায়ক কর্মী হিসেবে নিয়োগ হয়েছে উল্লেখযোগ্য সংখ্যায়।
জনসাধারণের প্রয়োজন ও উন্নয়নের স্বার্থে ভবিষ্যতেও এই ধরনের নিয়োগ চলতে থাকবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
