আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৭ জুন || রাজধানীর কৃষ্ণনগর ব্যানার্জি পাড়া এলাকায় ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। স্টোভ বিস্ফোরণে মৃত্যু হল ৮৫ বছরের এক বৃদ্ধার। মৃতার নাম ভানুমতী আচার্য।
জানা গেছে, মঙ্গলবার সকালে নিজের বাড়িতে রান্নার কাজে ব্যবহৃত স্টোভে হঠাৎ বিস্ফোরণ ঘটে। সেই সময় ভানুমতী দেবী রান্নাঘরেই ছিলেন। বিস্ফোরণের তীব্রতায় তিনি গুরুতরভাবে দগ্ধ হন। স্থানীয়রা তৎক্ষণাৎ দমকল বাহিনী ও পুলিশকে খবর দেন।
ঘটনাস্থলে দ্রুত পৌঁছে যায় দমকল বাহিনী ও পশ্চিম থানার পুলিশ। দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনলেও ভানুমতী দেবীকে বাঁচানো সম্ভব হয়নি। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে।
এই মর্মান্তিক ঘটনায় এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। প্রতিবেশীরা ভানুমতী দেবীর মৃত্যুতে শোকাহত। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
