আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৭ জুন || রথযাত্রার পবিত্র দিনে আগরতলার জগন্নাথ জিউ মন্দির প্রাঙ্গণ থেকে শুক্রবার সাড়ম্বরে বেরিয়ে পড়ে মহাপ্রভুর রথ। রথ টানতে সকাল থেকেই শহরের নানা প্রান্ত থেকে দলে দলে জড়ো হন ভক্তরা। চরম ভক্তি ও উচ্ছ্বাসে ভরে ওঠে মন্দির চত্বর ও আশপাশের এলাকা।
দর্শনলাভ ও রথ টানার আশায় ভক্তদের উপচে পড়া ভিড় লক্ষ করা যায়। ভক্তরা “জয় জগন্নাথ” ধ্বনি তুলে প্রভুর রথ এগিয়ে নিয়ে যান নির্ধারিত গন্তব্যের দিকে। রথযাত্রা উপলক্ষে মন্দির চত্বর ছিল নানা আলোকসজ্জায় সজ্জিত, বাতাসে ছিল ধূপ ও চন্দনের মনমুগ্ধকর গন্ধ।
রথযাত্রা নির্বিঘ্ন করতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয় কড়া নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ ও স্বেচ্ছাসেবকরা ভিড় সামলাতে সক্রিয়ভাবে কাজ করেন। বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও ভক্তদের জন্য রাখা হয় ছিল পানীয় জল ও প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা।
আগরতলার এই ঐতিহ্যবাহী রথযাত্রা শুধু ধর্মীয় উৎসব নয়, এটি রাজ্যের সংস্কৃতি ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অনুষঙ্গ বলেই মনে করেন স্থানীয়রা।
