আপডেট প্রতিনিধি, আগরতলা, ৩০ জুন || পূর্ব আগরতলা থানার অধীন গোলবাজার লাল মাইট্টা এলাকায় সফল অভিযান চালিয়ে চারজন নেশা বিক্রেতাকে গ্রেপ্তার করলো পুলিশ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে পূর্ব থানার পুলিশ রবিবার রাতে এই অভিযান চালায়। অভিযানে ধৃতদের কাছ থেকে চারটি মোবাইল ফোন, নগদ টাকা, একটি মোটরবাইক, একটি স্কুটি এবং মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া সামগ্রীর আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লক্ষ টাকা বলে জানা গেছে।
এই বিষয়ে বিস্তারিত জানাতে গিয়ে সদর মহকুমার এসডিপিও দেবপ্রসাদ রায় বলেন, “আমাদের কাছে কিছু নির্ভরযোগ্য সূত্রে তথ্য আসে যে, গোলবাজার লাল মাইট্টা এলাকায় কিছু ব্যক্তি নিয়মিতভাবে মাদক পাচার ও বিক্রির সাথে জড়িত। সেই তথ্যের ভিত্তিতেই পূর্ব থানার পুলিশ অভিযানে নামে এবং চারজনকে গ্রেফতার করতে সক্ষম হয়।”
এসডিপিও আরও জানান, ধৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে তদন্ত প্রক্রিয়া জারি রয়েছে। অভিযুক্তদের আদালতে তোলা হয়েছে এবং পুলিশ রিমান্ডে নিয়ে আরও তথ্য সংগ্রহের চেষ্টা চলছে।
পুলিশের এই সাফল্যকে ঘিরে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা। পাশাপাশি, মাদক বিরোধী লড়াইয়ে পুলিশ প্রশাসনের এমন সক্রিয় ভূমিকা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন সদর এসডিপিও।
