বাড়িতে লোক, তবুও ‘ডোন্ট কেয়ার’! খোয়াইয়ে ভোর রাতে বারান্দা থেকেই বাইক ও সাইকেল তুলে নিয়ে চম্পট দিল চোর!

গোপাল সিং, খোয়াই, ১৫ জুলাই || খোয়াইতে চোরেরা কতটা বেপরোয়া তা খোয়াইবাসীর আতঙ্কিত চেহারা দেখলেই স্পষ্ট। কিন্তু চোর ধরতে বিন্দুমাত্র বাহাদুরি দেখাতে ব্যর্থ পুলিশ। পুলিশকে ফের একবার চ্যালেঞ্জ জানিয়ে চুরি খোয়াইতে। বাড়ি ভর্তি মানুষ যখন ঘুমোচ্ছে, আর সেই সুযোগেই প্রথমে গেইটের তালা, তারপর বারান্দার তালা ভেঙে লক্ষাধিক টাকার একটি বাইক ও সাইকেল নিয়ে চম্পট দিল চোরের দল! সোমবার ভোর রাতে খোয়াইয়ের চড়গনকী এলাকায় এই দুঃসাহসিক চুরির ঘটনায় গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। সুভাষপার্ক কালীবাড়ির ঠিক পেছনেই এই দু:সাহসিক চুরির ঘটনাটি ঘটে।
গৃহকর্তা সুব্রত বণিকের বাড়ির বারান্দায় রাখা ছিল তাঁর কালো রঙের সুপারস্প্লেন্ডার বাইকটি, যার নম্বর TR01 N 5025। সাথে ছিল একটি হারকিউলিস সাইকেলও। সকালে উঠে দেখেন, দুটিই উধাও!
স্থানীয়দের অভিযোগ, চড়গনকী এলাকাটি যেন চোরদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। বারবার চুরির ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ এলাকার মানুষ। ঘটনার খবর পেয়েই সুব্রতবাবু খোয়াই থানার ওসি সুবীর মালাকার এবং সুভাষপার্ক ফাঁড়ির ওসি রঞ্জিত সরকারকে চুরির ঘটনা জানান। পুলিশ তদন্ত শুরু করলেও প্রশ্ন উঠছে, কবে বন্ধ হবে এই চুরির উপদ্রব? নিজেদের বাড়িতেও কি আর সুরক্ষিত নন খোয়াইবাসী? প্রশ্ন জনমনে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*