টি.এস.আর নবম বাহিনীর উদ্যোগে সাতদিনব্যাপী সিভিল ডিফেন্স প্রশিক্ষণ কর্মশালার শুভসূচনা

বিশ্বশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১৫ জুলাই || ত্রিপুরা স্টেট রাইফেলস (টি.এস.আর) নবম বাহিনীর হেডকোয়াটারে মঙ্গলবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হলো সাতদিনব্যাপী সিভিল ডিফেন্স প্রশিক্ষণ কর্মশালা। প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় প্রথম সারিতে দায়িত্ব পালনকারী সিভিল ডিফেন্স ও আপদামিত্র সদস্যদের দক্ষ করে গড়ে তুলতেই এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন।
জানা গেছে, ডিস্ট্রিক্ট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি (ডিডিএমএ) এবং নবম বাহিনী টি.এস.আর-এর যৌথ উদ্যোগে এই কর্মশালার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে প্রশিক্ষণ কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন টি.এস.আর-এর আইজি কেরি মারাক।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলার জেলা শাসক মোহাম্মদ সাজিদ, আই.এ.এস, নবম বাহিনীর কমান্ড্যান্ট অলক ভট্টাচার্য, ১৪ নম্বর ব্যাটেলিয়নের কমান্ড্যান্ট শিশির দাস, ডিডিএমএ-র পক্ষ থেকে ড. শরৎ দাস (এস.টি.ও), কর্মশালার প্রধান প্রশিক্ষক পিন্টু দাস সহ অন্যান্য বিশিষ্টজনেরা।
বক্তব্য রাখতে গিয়ে উপস্থিত অতিথিরা বলেন, দুর্যোগের সময় সিভিল ডিফেন্স সদস্যদের সচেতনতা, প্রস্তুতি ও দ্রুত পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এই কর্মশালায় বাস্তবভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারী যুবক-যুবতিদের প্রস্তুত করা হবে।
এই ব্যাচে বিলোনিয়া মহকুমা থেকে ২০ জন, শান্তিরবাজার মহকুমা থেকে ১৫ জন এবং সাব্রুম মহকুমা থেকে ১৫ জন সহ মোট ৫০ জন যুবক-যুবতি অংশগ্রহণ করছেন।
অনুষ্ঠানের শুরুতেই নবনির্মিত জিম সেন্টারেরও উদ্বোধন করেন আইজি কেরি মারাক, যা নবম বাহিনীর জওয়ানদের শারীরিক ফিটনেস বজায় রাখতে সহায়ক হবে বলে জানা গেছে।
প্রশিক্ষণ সম্পর্কে সংবাদমাধ্যমকে বিস্তারিত তথ্য প্রদান করেন ড. শরৎ দাস, এস.টি.ও, ডিডিএমএ, ত্রিপুরা। আগামী সাতদিন এই প্রশিক্ষণ চলবে এবং প্রত্যেক অংশগ্রহণকারীকে দুর্যোগ ব্যবস্থাপনার বিভিন্ন দিক সম্পর্কে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হবে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*