সুব্রত দাস, গন্ডাছড়া, ১৫ জুলাই || ডুম্বুরনগর আর ডি ব্লকের আওতাধীন বিভিন্ন এডিসি ভিলেজের নাগরিক স্বার্থে সাত দফা দাবিকে সামনে রেখে মঙ্গলবার ব্লক অফিসে স্মারকলিপি প্রদান করল রাইমাভ্যালি ব্লক কংগ্রেস কমিটি। এদিন রাইমাভ্যালি ব্লক কংগ্রেসের পক্ষ থেকে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল ডুম্বুরনগর আরডি ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক প্রহল্লাদ নোয়াতিয়ার সাথে সাক্ষাৎ করে দাবিপত্র তুলে দেন।
স্মারকলিপিতে যে সাত দফা দাবির কথা উত্থাপন করা হয়, তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হল—
🔹 প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় তালিকাভুক্ত উপভোক্তাদের মধ্যে ঘর বণ্টনের কাজ অবিলম্বে সুষ্ঠুভাবে শুরু করতে হবে।
🔹 লক্ষীপুর এডিসি ভিলেজের অন্তর্গত ত্রিশকার্ড গ্রামের চলাচলের অযোগ্য গ্রামীণ রাস্তা গুলিকে জরুরিভাবে সিসি রোডে রূপান্তর করতে হবে।
🔹 সরমা এডিসি ভিলেজ অফিসের সামনের দীর্ঘদিনের অবহেলায় পড়ে থাকা একমাত্র শিশু উদ্যানটিকে সংস্কার করে শিশুদের ব্যবহারের উপযোগী করে তুলতে হবে।
প্রতিনিধি দলের পক্ষ থেকে দাবিগুলোর প্রয়োজনীয়তা ও জনস্বার্থ ব্যাখ্যা করে ব্লক আধিকারিকের সামনে বিস্তারিতভাবে উপস্থাপন করা হয়। দাবিগুলি নিয়ে দু’পক্ষের মধ্যে গঠনমূলক আলোচনা হয় এবং ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক প্রহল্লাদ নোয়াতিয়া জানান, দাবিগুলি ন্যায্য এবং বাস্তবসম্মত। তিনি আশ্বস্ত করেন, এগুলি যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ করা হবে।
প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন রাইমাভ্যালি ব্লক কংগ্রেস সভাপতি রঞ্জিত ত্রিপুরা, ব্লক যুব কংগ্রেস সভাপতি বাদল সরকার, হরিজয় ত্রিপুরা, মানিক সাহা এবং যতীন্দ্র ত্রিপুরা।
এদিনের ডেপুটেশনে ব্লক অফিস চত্বরে কংগ্রেস কর্মীদের মধ্যে যথেষ্ট উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। স্থানীয় জনসাধারণও কংগ্রেস দলের এই দাবিকে সমর্থন জানিয়েছেন বলে জানা গেছে।
