যুব মোর্চার ধিক্কার মিছিল ও হনুমান চালিশা পাঠ — শংকর দত্তের মন্তব্যের প্রতিবাদে উত্তাল আগরতলা

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৫ জুলাই || ত্রিপুরা প্রদেশ যুব মোর্চার উদ্যোগে মঙ্গলবার এক ধিক্কার মিছিল অনুষ্ঠিত হয় সিপিআই(এম) নেতা তথা প্রাক্তন সাংসদ শংকর প্রসাদ দত্তের বিতর্কিত মন্তব্যের বিরুদ্ধে। অভিযোগ, যুবসমাজের আস্থা ও বিশ্বাসের প্রতীক রামভক্ত প্রভু বজরংবলীর প্রতি তিনি অসম্মানজনক ভাষা ব্যবহার করেছেন। তারই প্রতিবাদে যুব মোর্চার পক্ষ থেকে এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়।
মিছিলটি শুরু হয় শহরের রাধানগর স্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে এবং শেষ হয় মেলার মাঠ সংলগ্ন সিপিআই(এম) পার্টি অফিসের সামনে। সেখানে যুব মোর্চার সদস্যরা প্রতিবাদ স্বরূপ হনুমান চালিশা পাঠ করেন এবং শংকর দত্তের মন্তব্যের তীব্র নিন্দা জানান।
মিছিল শেষে সিপিআই(এম) নেতার প্রতীকী কুশপুত্তলি বানিয়ে তাকে জুতোর মালা পরানো হয় এবং জনসমক্ষে জুতোপেটা করা হয়। পরে প্রতিবাদকারীরা ওই কুশপুত্তলিটি আগুনে দাহ করেন। পুরো কর্মসূচি জুড়ে বজরংবলীর জয়ধ্বনি এবং “শংকর দত্ত হায় হায়” স্লোগানে মুখর হয়ে ওঠে এলাকা।
প্রতিবাদকারীরা জানান, হিন্দু ভাবাবেগে আঘাত হানে এমন বক্তব্য তারা কখনোই মেনে নেবেন না। ভবিষ্যতে এ ধরনের মন্তব্যের পুনরাবৃত্তি হলে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেওয়া হয় যুব মোর্চার পক্ষ থেকে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*