আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই || সাহস, আত্মবিশ্বাস ও পরিবেশবান্ধব বার্তা নিয়ে ধলেশ্বরের বাসিন্দা অজয় সাহা সম্পন্ন করলেন এক অনন্য অভিযান। গত ১লা মে ২০২৫, ৫৯ বছর বয়সে আগরতলা থেকে সাধারণ একটি বাইসাইকেল চালিয়ে লে-লাদাখের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলেন তিনি। প্রায় ৪,৭৬০ কিলোমিটার দীর্ঘ এই দুরূহ পথ বাইসাইকেল চালিয়ে অতিক্রম করেন মাত্র ৬০ দিনের মধ্যেই।
শ্রী সাহার এই সাহসিক যাত্রার মূল উদ্দেশ্য ছিল দেশের আগামী প্রজন্মের কাছে একটি সচেতনতামূলক বার্তা পৌঁছে দেওয়া। তার বার্তা— “সর্বদা সাইকেল চালাও, স্বাস্থ্য ঠিক রাখো, পরিবেশকে দূষণমুক্ত রাখো ও নিজের উপার্জিত অর্থ সাশ্রয় কর।”
শনিবার এই অসাধারণ কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ সামাজিক সংগঠন শ্রেষ্ঠ ভুবন এর পক্ষ থেকে তাকে সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার প্রতিষ্ঠাতা বিপ্লব কান্তি ভৌমিক সহ অন্যান্য সদস্যবৃন্দ।
সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, শ্রী সাহার এই যাত্রা শুধু শারীরিক সক্ষমতার নিদর্শন নয়, বরং গোটা সমাজের কাছে একটি উদ্দীপনার বার্তা— স্বপ্ন দেখলে, সংকল্প থাকলে, বয়স কোনো বাধা নয়।
