আন্তর্জাতিক ডেস্ক, মালদ্বীপ, ২৫ জুলাই || দুদিনের সরকারি সফরে শুক্রবার দ্বীপরাষ্ট্র মালদ্বীপে পৌঁছান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজধানী মালেতে অবতরণের পর প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান মালদ্বীপের রাষ্ট্রপতি ডঃ মোহাম্মদ মুইজ্জু।
এই সফরের মূল উদ্দেশ্য হল ভারত ও মালদ্বীপের মধ্যে অর্থনৈতিক ও সমুদ্র নিরাপত্তা সংক্রান্ত সহযোগিতাকে আরও মজবুত করা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মালদ্বীপের রাষ্ট্রপতি মুইজ্জু যৌথভাবে দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতি ও ভবিষ্যৎ কর্মপন্থা পর্যালোচনা করবেন। পাশাপাশি, দুই দেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে একাধিক সমঝোতা স্মারক ও চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে।
সফরকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মালদ্বীপে ভারতীয় সহায়তায় বাস্তবায়িত বেশ কিছু পরিকাঠামো প্রকল্পের উদ্বোধন করবেন। এইসব প্রকল্প দ্বীপরাষ্ট্রটির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।
শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মালদ্বীপের ৬০’তম স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন। উল্লেখ্য, এ বছর ভারত ও মালদ্বীপের মধ্যে কূটনৈতিক সম্পর্কেরও ৬০ বছর পূর্ণ হচ্ছে।
বিশেষজ্ঞদের মতে, এই সফরের মাধ্যমে ভারত-মালদ্বীপ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর হবে এবং পারস্পরিক আস্থা ও সহযোগিতার ভিত্তিতে দুই দেশের বন্ধুত্ব আগামী দিনে আরও দৃঢ় ও কার্যকর হয়ে উঠবে।
