নাবালিকাকে মারধরের অভিযোগ, অভিযুক্ত কাকা ও পিসির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের

আপডেট প্রতিনিধি, কৈলাসহর, ২৪ জুলাই || কৈলাসহর বৌলাবাসা এলাকায় এক নাবালিকাকে নৃশংসভাবে মারধরের অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ উঠেছে, ওই নাবালিকাকে কাঠের টুকরো দিয়ে বেধড়ক মারধর করে মাথা ফাটিয়ে দেয় তার কাকা ও পিসি। ঘটনায় গুরুতর আহত অবস্থায় ওই নাবালিকাকে কৈলাসহর RGM হাসপাতালে ভর্তি করানো হয়, যেখানে তার মাথায় ১২টি সেলাই পড়ে।
সূত্রের খবর অনুযায়ী, ফরিন্দ্র মালাকার নামে এক ব্যক্তি বিগত কয়েক বছর ধরে স্ত্রী ও সন্তানকে নিয়ে দুর্গাপুর এলাকায় ভাড়া বাড়িতে বসবাস করছেন। তাঁর ১৭ বছরের কন্যা পিয়ালী মালাকার বৃহস্পতিবার সকালে পারিবারিক কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র আনার জন্য বৌলাবাসায় পৈতৃক বাড়িতে যান। অভিযোগ, সেখানেই ফরিন্দ্র মালাকারের ছোট ভাই তপেন্দ্র মালাকার ও ছোট বোন মনিকা নোয়াতিয়া মিলে পিয়ালীর উপর হামলা চালায়।
ভুক্তভোগীর পরিবারের দাবি, কাঠের টুকরো দিয়ে বেধড়ক মারধরের ফলে পিয়ালীর মাথা ফেটে যায় এবং সে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে। তড়িঘড়ি তাকে কৈলাসহর RGM হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মাথায় ১২টি সেলাই দেন এবং প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেন।
ঘটনার পর, পিয়ালীর বাবা ফরিন্দ্র মালাকার অভিযুক্ত তপেন্দ্র ও মনিকার বিরুদ্ধে কৈলাসহর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে এবং ঘটনার প্রকৃত সত্য উদঘাটনের চেষ্টা চালাচ্ছে।
এই নৃশংস ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*