আপডেট প্রতিনিধি, কৈলাসহর, ০৫ আগস্ট || একাধিক জনমুখী দাবিকে সামনে রেখে মঙ্গলবার সিপিআই কৈলাসহর মহকুমা কমিটির পক্ষ থেকে একটি প্রতিনিধি দল ডেপুটেশন প্রদান করেন কৈলাসহরের মহকুমা শাসক বিপুল দাসের কাছে। ডেপুটেশনের নেতৃত্ব দেন সিপিআই রাজ্য কমিটির সদস্য ও মহকুমা কমিটির সম্পাদক শাহেদ আলী বাদশা। তাঁর সঙ্গে ছিলেন রাজ্য কমিটির সদস্য এস. এম. আলী, সহ-সম্পাদক হাসনা বেগম, মহকুমা কমিটির সদস্য সোনাই মিয়া, আব্দুস সালাম ও আবুল হোসেন মোল্লা সহ অন্যান্য নেতৃবৃন্দ।
ডেপুটেশনে একাধিক গুরুত্বপূর্ণ ও জনজীবনের সঙ্গে জড়িত সমস্যার উল্লেখ করে দ্রুত সমাধানের দাবি জানানো হয়। উল্লেখযোগ্য দাবিগুলির মধ্যে ছিল:
কৈলাসহর ডাকবাংলো থেকে রাংগাউটি পর্যন্ত রাস্তার বেহাল অবস্থা অবিলম্বে সংস্কারের দাবি।
জেলা হাসপাতালের সামনে প্রতিদিন যানজট সৃষ্টি হওয়ায় সেখানে ট্রাফিক পুলিশ নিয়োগের আহ্বান।
চিড়াকুটি ট্রাই-জাংশন এলাকাতেও একজন ট্রাফিক পুলিশ নিয়োগের দাবি।
লক্ষ্মীপুর নয়নজলি প্রকল্প এলাকার রাস্তার দু’পাশের ড্রেন পুনঃনির্মাণের প্রয়োজনীয়তা উল্লেখ করা হয়, কারণ বর্তমানে জলনিকাশি ব্যবস্থা সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে।
ডেপুটেশনে অংশগ্রহণকারী নেতৃবৃন্দ জানান, দীর্ঘদিন ধরেই এই সমস্যাগুলি উপেক্ষিত হয়ে রয়েছে। ফলে সাধারণ মানুষ প্রতিদিন নানান দুর্ভোগের শিকার হচ্ছেন। প্রশাসন যদি দ্রুত পদক্ষেপ না নেয়, তাহলে আগামী দিনে বৃহত্তর গণআন্দোলনের পথে হাঁটা হবে বলে হুঁশিয়ারি দেন তাঁরা।
মহকুমাশাসক বিপুল দাস প্রতিনিধি দলকে আশ্বস্ত করে জানান, উত্থাপিত দাবিগুলির গুরুত্ব বিবেচনা করে সংশ্লিষ্ট বিভাগগুলিকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হবে।
এই ডেপুটেশনের মাধ্যমে এলাকার সাধারণ মানুষের বহু দিনের দাবিগুলি ফের একবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করল বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা।
