গোপাল সিং, খোয়াই, ০৫ আগস্ট || ‘বিষের সাম্রাজ্যে খোয়াই’ শীর্ষক প্রতিবেদন প্রচারিত হওয়ার পরেই যেন ঘুম ভেঙেছে শহরবাসীর। নেশার সর্বনাশা ছোবলের বিরুদ্ধে প্রশাসনিক তৎপরতার পাশাপাশি এবার পথে নামল ছাত্রসমাজও। আজ দুটি পৃথক কর্মসূচিতে খোয়াইয়ের যুবসমাজ এবং পুলিশ প্রশাসনকে নেশার বিরুদ্ধে সক্রিয় ভূমিকায় দেখা গেল, যা এক নতুন আশার সঞ্চার করেছে। এক ইতিবাচক পদক্ষেপে, সুভাষ পার্ক আউট পোস্টের পুলিশ কর্মীরা খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে ‘প্রয়াস’ নামে একটি বিশেষ সচেতনতামূলক সভার আয়োজন করে। পুলিশ প্রশাসনের দাবি, এই সভায় প্রায় ৭০-৮০ জন ছাত্রছাত্রীর উপস্থিতিতে ড্রাগসের কুফল, সাইবার অপরাধ এবং অন্যান্য প্রাসঙ্গিক বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ ও অভিভাবক মহল। শুধুমাত্র অভিযান নয়, গোড়া থেকে সচেতনতা তৈরির এই প্রয়াস অত্যন্ত জরুরি বলে মনে করছেন তাঁরা। অন্যদিকে, শহরের রাজপথ কাঁপিয়ে নেশার বিরুদ্ধে গর্জে উঠল খুদে পড়ুয়ারা। খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের এনএসএস শিবিরের সমাপ্তি দিবসের অঙ্গ হিসেবে ছাত্রছাত্রীরা একটি বিশাল সচেতনতামূলক র্যালি সংগঠিত করে। দুপুর সাড়ে বারোটা নাগাদ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে র্যালিটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। ছাত্রছাত্রীদের হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা ছিল নেশা বিরোধী বিভিন্ন স্লোগান।
জনগণের মতে, একটি সংবাদ প্রতিবেদনের পর প্রশাসনের কঠোর পদক্ষেপ এবং ছাত্রসমাজের এই স্বতঃস্ফূর্ত জাগরণ—এই দুইয়ের মেলবন্ধনই খোয়াইকে নেশার অভিশাপ থেকে মুক্ত করতে সুরসুরি দিয়েছে। যদিও নেশার বিরুদ্ধে সমাজসেবী সংগঠন কিংবা ক্লাবগুলোর ভুমিকা অপরিসীম। খোয়াইতে নেশার বিরুদ্ধে ক্লাবগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন জনগণ।
