বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০৯ আগস্ট || দক্ষিণ ত্রিপুরার বাইখোড়া থানার অন্তর্গত কলমা মথুলাসর্দার পাড়ায় চুরির ঘটনায় উত্তেজনা ছড়ালো। জানা গেছে, বিগত কয়েকদিন আগে এলাকার একটি কালী মন্দির থেকে বিপদতারিণী পূজার জন্য সংগৃহীত নগদ অর্থ চুরি হয়ে যায়। স্থানীয়দের অভিযোগ, এই চুরির সাথে জড়িত ছিলেন এলাকার তিন যুবক।
ঘটনার পর স্থানীয়রা মিমাংসায় বসে সিদ্ধান্ত নেন, অভিযুক্ত তিন যুবকের কাছ থেকে ৪ হাজার টাকা করে ক্ষতিপূরণ আদায় করা হবে। এর মধ্যে একজন যুবক নির্ধারিত অর্থ ফেরত দিলেও অপর দুইজন টাকা ফেরত দিতে অস্বীকৃতি জানায়।
শুক্রবার ক্ষুব্ধ গ্রামবাসীরা ওই দুই যুবককে আটক করে প্রথমে মারধর করেন এবং তাদের কাছ থেকে কিছু নেশাজাতীয় দ্রব্য উদ্ধার করেন। পরে ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে দুই যুবককে বাইখোড়া থানার হাতে তুলে দেন স্থানীয়রা। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
