আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৫ আগস্ট || বৃহস্পতিবার সন্ধ্যায় মহারাজা বীরবিক্রম কলেজের রবীন্দ্র হলে উচ্চ শিক্ষা দপ্তরের আয়োজিত ‘বিভাজন বিভিষিকা স্মৃতি দিবস’-এর মূল অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা মঞ্চে উপস্থিত থেকে মেধাবী ও বিশেষ দক্ষ শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করেন। দেশের ইতিহাসের অন্যতম বেদনাবিধুর অধ্যায় দেশভাগ নিয়ে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “দেশভাগ ছিলো স্বাধীন রাষ্ট্রের বুকে এক দগদগে ক্ষত। স্বভূমে পরবাসী হয়ে পড়া কোটি কোটি ভারতবাসীর আর্তনাদে ভারী ছিলো ভারতের আকাশ-বাতাস। প্রধানমন্ত্রী হওয়ার লিপ্সায় দ্বি-জাতি তত্ত্বকে ভিত্তি করে রাষ্ট্রকে দ্বিখণ্ডিত করেন তদানিন্তন রাষ্ট্রশক্তি। এই বিভীষিকাময় অধ্যায় নবপ্রজন্মের জানা অত্যন্ত জরুরি, যাতে তারা ইতিহাস থেকে শিক্ষা নিতে পারে।”
তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে কঠোর পরিশ্রম, সততা ও নৈতিকতার গুরুত্বের কথা স্মরণ করিয়ে দেন এবং ভবিষ্যতে দেশ ও সমাজের সেবায় আত্মনিয়োগ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে মন্ত্রী সুশান্ত চৌধুরী, প্রাথমিক শিক্ষা দপ্তরের পরিচালকসহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। শেষপর্যন্ত মুখ্যমন্ত্রীকে ‘সেলফি পয়েন্টে’ শিক্ষার্থীদের সঙ্গে হাসিমুখে ছবি তুলতে দেখা যায়, যা অনুষ্ঠানে এক অনানুষ্ঠানিক ও আনন্দঘন পরিবেশ সৃষ্টি করে।
