গোপাল সিং, খোয়াই, ১৮ আগস্ট || খোয়াই জেলা পুলিশের নেশার বিরুদ্ধে কর্মসূচি অব্যহত। নেশার বিরুদ্ধে অভিযানে আরও এক বড়সড় সাফল্য পেল এবার মুঙ্গিয়াকামী থানার পুলিশ। ওসি সোনেস দেববর্মার নেতৃত্বে, রবিবার ৪১ মাইল নাকা পয়েন্টে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি ছোট পণ্যবাহী গাড়ির গোপন চেম্বার থেকে প্রায় ১৩৪ কেজি শুকনো গাঁজা উদ্ধার করা হয়েছে। যার বাজারমূল্য আনুমানিক ২০ লক্ষ টাকারও বেশি। এই ঘটনায় গাড়ির চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, ওসি সোনেস দেববর্মার কাছে থাকা নির্দিষ্ট গোপন তথ্যের ভিত্তিতে, পুলিশ কর্মীরা ৪১ মাইল এলাকায় নাকা চেকিং চালাচ্ছিল। সেই সময় একটি টাটা এস (TATA ACE) পণ্যবাহী গাড়িকে (নম্বর: TR 01 AY 1579) আটক করে তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় গাড়ির ভেতরে বিশেষভাবে তৈরি একটি গোপন চেম্বার থেকে ৬৭টি প্যাকেটে রাখা মোট ১৩৪ কেজি শুকনো গাঁজা উদ্ধার হয়। পুলিশ গাড়িটি বাজেয়াপ্ত করার পাশাপাশি চালককে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে এনডিপিএস (NDPS) আইনে একটি নির্দিষ্ট মামলা রুজু করা হয়েছে।
