বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২৯ আগস্ট || জোলাইবাড়ী কৃষিদপ্তরের উদ্যোগে উত্তর হিচাছড়া এডিসি ভিলেজে শুক্রবার এক সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।
রাজ্য সরকার কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্যে একাধিক প্রকল্প হাতে নিয়েছে। সেই সব পরিকল্পনা সঠিকভাবে বাস্তবায়নের উদ্দেশ্যে কাজ করে যাচ্ছে জোলাইবাড়ী কৃষিদপ্তর। বিশেষত বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা প্রদানের জন্য কৃষিদপ্তরের তরফে একটি নতুন প্রকল্প চালু করা হয়েছে।
কর্মশালায় কৃষকদের জানানো হয়, এই প্রকল্পের আওতায় তারা কী কী সুবিধা পাবেন, কীভাবে কৃষিদপ্তরের কাছ থেকে সহযোগিতা নিতে পারবেন এবং এর মাধ্যমে কিভাবে উপকৃত হবেন। উল্লেখ করা হয়, বন্যার ফলে কৃষকদের পুকুরের বাঁধ ভেঙে গেলে তা সংস্কারের ব্যবস্থা থাকবে। পাশাপাশি কৃষিজ বাগান তৈরিতেও সহায়তা পাবেন কৃষকেরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জোলাইবাড়ী কৃষিদপ্তরের তত্ত্বাবধায়ক শ্রীদাম দাস, জোলাইবাড়ী ব্লক পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান তাপস দত্ত, ব্লকের বি এস সি চেয়ারম্যান অশোক মগ, এগ্রি স্ট্যান্ডিং কমিটির প্রেসিডেন্ট জয়দেব দত্ত, বিশিষ্ট সমাজসেবী চেথই মগ প্রমুখ।
অনুষ্ঠানের মূল উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিতভাবে সাংবাদিকদের জানান জোলাইবাড়ী ব্লকের বি এস সি চেয়ারম্যান অশোক মগ। কৃষিদপ্তরের এই উদ্যোগকে ঘিরে স্থানীয় কৃষকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।
