গোপাল সিং, খোয়াই, ০৩ সেপ্টেম্বর || ত্রিপুরার রাজনৈতিক অঙ্গনে ফের তোলপাড়। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা গেছে বিপুল পরিমাণ ৫০০ টাকার নোটের বান্ডিল নিয়ে উন্মাদনা করতে ব্যস্ত এক বিজেপি নেতা। ভিডিও প্রকাশ্যে আসতেই রাজ্যজুড়ে শুরু হয়েছে চাঞ্চল্য এবং উঠছে একাধিক প্রশ্ন।
অভিযুক্ত নেতা রাজু জমাতিয়া, যিনি ৩০-বাগমা মন্ডলের সভাপতি অমর জমাতিয়ার ঘনিষ্ঠ সহযোগী এবং পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে পরিচিত। ভাইরাল ভিডিওতে দেখা যায়, তিনি বিছানার উপর ছড়িয়ে থাকা রাশি রাশি টাকার বান্ডিল হাতে নিয়ে খেলায় মেতে উঠেছেন। এই দৃশ্য দেখে সাধারণ মানুষের মধ্যে বিস্ময় ও ক্ষোভের সঞ্চার হয়েছে।
রাজনৈতিক মহলে ইতিমধ্যেই এই ঘটনা নিয়ে সমালোচনার ঝড় বইতে শুরু করেছে। বিরোধীরা প্রশ্ন তুলছে—কোথা থেকে এল এই বিপুল অঙ্কের টাকা? এবং কীসের জোরে একজন রাজনৈতিক কর্মী এভাবে প্রকাশ্যে নোটের বান্ডিল নিয়ে খেলা করার সাহস পেলেন? জনগণের দাবি, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হওয়া প্রয়োজন।
যদিও এখনও পর্যন্ত অভিযুক্ত রাজু জমাতিয়া কিংবা জেলা বিজেপি নেতৃত্বের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে রাজনৈতিক মহলের অনেকেই মনে করছেন, এই ঘটনা বিজেপির স্বচ্ছ ভাবমূর্তিকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে।
