সুব্রত দাস, গন্ডাছড়া, ২৫ সেপ্টেম্বর || পিতৃপক্ষের অবসান শেষে মহালয়ার পুন্য তিথিতে মাতৃপক্ষের সূচনায় আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে গন্ডাছড়া মহকুমার বিভিন্ন বুথে বুথে শুভেচ্ছা বিনিময় ও বস্ত্র বিতরণ কর্মসূচি শুরু করেছেন ৮ নম্বর গঙ্গানগর-গন্ডাছড়া এডিসি আসনের জনপ্রিয় এমডিসি ভূমিকানন্দ রিয়াং।
বুধবার গন্ডাছড়া এডিসি ভিলেজের সুকুমার মল্লিক, সুভাষ সাহা ও গৌতম সাহার উদ্যোগে গন্ডাছড়া বাজার দুর্গাবাড়ির নাটমন্দিরে এক শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমডিসি ভূমিকানন্দ রিয়াং। এছাড়াও উপস্থিত ছিলেন আদিত্য সরকার, মদন চাকমা, বকুলবিকাশ চাকমা, অর্চনা চাকমা সহ অন্যান্য অতিথিবৃন্দ। সভার সভাপতিত্ব করেন মহিলা মোর্চার সভানেত্রী বর্ণা দাস।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এমডিসি ভূমিকানন্দ রিয়াং সকল মা-বোনদের প্রণাম জানিয়ে বলেন, “আপনারা আশীর্বাদ করে আমাকে খুমলুং-এ পাঠিয়েছেন। আপনাদের কল্যাণে আমি অবিরাম আপনাদের মঙ্গলার্থে কাজ করে চলেছি। আপনাদের আশীর্বাদ ও সুপরামর্শ আমাকে আরও উদ্দীপনা যোগায়।” তিনি সকলের কাছে পাশে থাকার আবেদন জানান।
অনুষ্ঠানের শেষে ডুম্বুরনগর ব্লকের ষাটকার্ড, দুর্গাপুর ও বিএসএফ ক্যাম্প সংলগ্ন বিভিন্ন পাড়ার প্রায় পাঁচ শতাধিক মা-বোনের হাতে নতুন বস্ত্র তুলে দেন এমডিসি ভূমিকানন্দ রিয়াং ও উপস্থিত অন্যান্য অতিথিরা। নতুন বস্ত্র হাতে পেয়ে খুশিতে উজ্জ্বল হয়ে ওঠেন স্থানীয় মা-বোনেরা। তারা প্রাণভরে আশীর্বাদ করেন এমডিসি ভূমিকানন্দ রিয়াংকে।
স্থানীয় মানুষের অভিমত, এই ধরনের উদ্যোগে সমাজের সামগ্রিক সম্প্রীতি ও উৎসবের আনন্দ বহুগুণে বৃদ্ধি পায়। শারদীয়া দুর্গোৎসবকে কেন্দ্র করে গন্ডাছড়ার সর্বত্র এখন আনন্দ-উৎসবের পরিবেশ বিরাজ করছে।
