ভুটান, ১১ নভেম্বর || ভুটান সফরে গিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুই দিনের এ সফরে তিনি একাধিক কর্মসূচিতে যোগ দেবেন। সফরের অন্যতম আকর্ষণ হিসেবে থাকছে পুনাতসাংচু–২ জলবিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন, যা ভারত–ভুটান শক্তি সহযোগিতার ক্ষেত্রে এক নতুন অধ্যায় সূচনা করবে বলে কূটনৈতিক মহলের মত।
ভুটানের চতুর্থ রাজা জিগমে সিংগে ওয়াংচুকের ৭০তম জন্মবার্ষিকী উদযাপনের প্রেক্ষাপটে এ সফরটি বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। সফরকালে প্রধানমন্ত্রী মোদী ভুটানের বর্তমান রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক, চতুর্থ রাজা জিগমে সিংগে ওয়াংচুক এবং প্রধানমন্ত্রী শেরিং টোবগের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। দুই দেশের সম্পর্ক আরও গভীর করতে এ বৈঠকগুলির ভূমিকা গুরুত্বপূর্ণ হবে বলে ধারণা করা হচ্ছে।
ভুটান সফরে রওনা হওয়ার আগে প্রধানমন্ত্রী মোদী এক্স (পূর্বে টুইটার)-এ লেখেন, “ভুটান সফরে যাচ্ছি, যেখানে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেব। এই সফর এমন এক সময়ে হচ্ছে যখন ভুটানের চতুর্থ রাজা, জিগমে সিংগে ওয়াংচুকের ৭০তম জন্মদিন উদযাপন করছে। আমি ভুটানের রাজা, চতুর্থ রাজা এবং প্রধানমন্ত্রী শেরিং টোবগের সঙ্গে বৈঠক করব। আমাদের জ্বালানি অংশীদারিত্বের এক বিরাট অগ্রগতির লক্ষ্যে পুনাতসাংচু–২ জলবিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন করা হবে। এ সফর আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উদ্দীপনা দেবে।”
কূটনৈতিক সূত্রে জানা গেছে, এই সফর শুধু শক্তি খাতেই নয়, শিক্ষা, প্রযুক্তি ও সাংস্কৃতিক বিনিময়ের ক্ষেত্রেও ভারত–ভুটান সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে।
