প্রমো ফেস্ট উপলক্ষে দক্ষিণ জেলাশাসকের কার্যালয়ে প্রস্তুতি বৈঠক, পাস সংগ্রহ করতে সাধারণ মানুষের উপচে পড়া ভিড়

বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১২ নভেম্বর || আগামী ১৫ ও ১৬ই নভেম্বর বিলোনিয়ার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজমাঠে ত্রিপুরা ট্যুরিজম ডিপার্টমেন্টের উদ্যোগে দু’দিনব্যাপী “প্রমোফেস্ট” অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই উৎসবের উদ্বোধন করবেন ত্রিপুরা রাজ্যের মাননীয় রাজ্যপাল।
দুই দিনব্যাপী এই উৎসবে রাজ্য ও রাজ্যের বাইরের বিশিষ্ট শিল্পীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে সঙ্গীতানুষ্ঠানসহ নানা সাংস্কৃতিক পরিবেশনা। অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করতে বুধবার দক্ষিণ জেলার জেলাশাসকের কার্যালয়ের কনফারেন্স হলে বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নিয়ে এক গুরুত্বপূর্ণ আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
আলোচনা শেষে দক্ষিণ জেলার জেলাশাসক সংবাদমাধ্যমকে জানান, অনুষ্ঠানে প্রবেশের জন্য পাস নেওয়া বাধ্যতামূলক। পাস ছাড়া কেউ প্রমোফেস্টে প্রবেশ করতে পারবেন না। ইতিমধ্যেই জেলাশাসকের কার্যালয়ে পাস প্রদানের কাজ শুরু হয়েছে। পাস সংগ্রহের জন্য আবেদনকারীদের আধার কার্ড সঙ্গে নিয়ে আসতে হবে, যা ভারতীয় নাগরিকত্বের প্রমাণ হিসেবে গ্রহণ করা হবে।
জেলাশাসক আরও জানান, ক্রমবর্ধমান চাহিদার কথা মাথায় রেখে আগামী দিনে পাস বিতরণের কাউন্টার বাড়ানোর পরিকল্পনাও নেওয়া হয়েছে। ইতিমধ্যেই প্রমোফেস্ট উপলক্ষে পাস সংগ্রহ করতে জেলা প্রশাসন কার্যালয়ে সাধারণ মানুষের ভিড় লক্ষ্য করা যাচ্ছে।
এই অনুষ্ঠানকে ঘিরে বিলোনিয়া ও পার্শ্ববর্তী এলাকার বাসিন্দাদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা চোখে পড়ার মতো।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*