বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১২ নভেম্বর || রাজ্যের জনকল্যাণমুখী সরকারকে বদনাম করার অভিযোগে বুধবার বিকেলবেলায় ৩৮ নম্বর জোলাইবাড়ী মন্ডল বিজেপির উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। জোলাইবাড়ী বাজারে আয়োজিত এই বিক্ষোভ মিছিলে বিপুল জনসমাগম ঘটে।
বিক্ষোভ মিছিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যুব মোর্চার প্রদেশ সভাপতি তথা বিশালগড় বিধানসভার বিধায়ক সুশান্ত দেব। এছাড়াও উপস্থিত ছিলেন ৩৮ জোলাইবাড়ী মন্ডল বিজেপির সভাপতি সুজিত দত্ত, প্রদেশ বিজেপি যুব মোর্চার নেতা তমাল বৈদ্য, জোলাইবাড়ী মন্ডল যুব মোর্চার সভাপতি কেশব চৌধুরী, ব্লক পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান তাপস দত্ত, যুব নেতা সুদীপ গোপসহ অন্যান্য নেতৃত্ববৃন্দ।
বিক্ষোভ মিছিল শেষে অনুষ্ঠিত বাজার সভায় বক্তারা অভিযোগ তোলেন, কংগ্রেস ও সিপিআই(এম) রাজ্যের উন্নয়নমুখী সরকারকে বদনাম করার ষড়যন্ত্রে লিপ্ত। বক্তারা জানান, বিরোধীরা পেছনের দরজা দিয়ে ক্ষমতায় ফেরার অপচেষ্টা চালাচ্ছে।
সভায় আগামী বিধানসভা ও এডিসি নির্বাচনে বিরোধীদের চক্রান্তকে ব্যর্থ করে রাজ্যের জনকল্যাণমূলক সরকারের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।
আজকের এই বিক্ষোভ মিছিল ঘিরে গোটা জোলাইবাড়ী বাজার এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
