আপডেট প্রতিনিধি, আগরতলা, ১২ নভেম্বর || অভয়নগর বাজার সংলগ্ন এলাকায় বাঙালি দম্পতি অভিজিৎ সেনগুপ্ত ও তার স্ত্রীর উপর নৃশংস হামলার ঘটনায় যুক্ত অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বুধবার ‘আমরা বাঙালি’ সংগঠনের পক্ষ থেকে পূর্ব থানার ওসির নিকট এক স্মারকলিপি প্রদান করা হয়।
প্রসঙ্গত, গত ২০শে নভেম্বর রবিবার গভীর রাতে অভয়নগর বাজার সংলগ্ন এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। জানা যায়, অভিজিৎ সেনগুপ্ত তার বাড়ির সন্নিকটে উচ্চস্বরে চিৎকার-চেঁচামেচি শুনে অসুস্থ রোগীর কথা উল্লেখ করে শব্দ কমানোর অনুরোধ করলে, উপস্থিত কয়েকজন ব্যক্তি তার উপর অপ্রত্যাশিতভাবে আক্রমণ চালায়। গৃহকর্তাকে রক্ষার জন্য এগিয়ে এলে তার স্ত্রীকেও নির্মমভাবে প্রহার করা হয় এবং তার শ্লীলতাহানির অভিযোগ উঠেছে।
পরবর্তীতে গুরুতর আহত অবস্থায় দম্পতি দুজনকে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে ভদ্রমহিলাকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়। হামলাকারীরা পালানোর সময় গৃহকর্ত্রীর গলার প্রায় নয় ভরি ওজনের সোনার চেইন লুট করে নিয়ে যায় বলে অভিযোগ।
ঘটনাটি এখানেই থেমে থাকেনি। রাতের শেষ প্রহরে প্রায় ২০-২৫ জন দুষ্কৃতিকারী পুনরায় হামলা চালিয়ে গৃহকর্তার বাড়ির দরজা-জানালা ও ঘরের আসবাবপত্র ভাঙচুর করে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, হামলাকারীরা বহু বাইক ও গাড়ি নিয়ে আসে এবং তারা স্থানীয় এক রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত বলে জানা গেছে।
এ ঘটনায় অভিজিৎ সেনগুপ্ত পূর্ব মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
‘আমরা বাঙালি’ সংগঠনের পক্ষ থেকে শহরের নিরাপত্তা নিশ্চিত করতে নিম্নলিখিত দাবিগুলি উত্থাপন করা হয়—
১. শহরের প্রতিটি রাস্তায় সিসি ক্যামেরা স্থাপন ও অকেজো ক্যামেরাগুলির দ্রুত মেরামতি।
২. অভিজিৎ সেনগুপ্তের বাড়িতে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও সরকারিভাবে শাস্তির ব্যবস্থা।
৩. আহত গৃহকর্ত্রীর যথাযথ চিকিৎসা ব্যবস্থার উদ্যোগ।
৪. স্পর্শকাতর এলাকায় রাতের পুলিশি টহল জোরদার করা।
৫. আগরতলা শহরের সামগ্রিক শান্তি ও শৃঙ্খলা রক্ষায় নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করা।
ঘটনাটি নিয়ে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় নাগরিকদের মধ্যে ক্ষোভ এবং আতঙ্কের সৃষ্টি হয়েছে। প্রশাসন দ্রুত পদক্ষেপ নেবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ‘আমরা বাঙালি’র নেতৃবৃন্দ।
