মায়ের দেওয়া ৪০ টাকায় কীটনাশক কিনে যুবকের আত্মহত্যার চেষ্টা, চাঞ্চল্য এলাকায়

সাগর দেব, তেলিয়ামুড়া, ১৬ নভেম্বর || মাত্র ১০০ টাকার আবদার পূরণ করতে না পারার যন্ত্রণা থেকেই মায়ের দেওয়া ৪০ টাকায় কীটনাশক কিনে আত্মহত্যার চেষ্টা— এমন হৃদয়বিদারক ঘটনা ঘটল তেলিয়ামুড়া শহরের প্রাণকেন্দ্রে, থানার সামনেই।
ঘটনা সূত্রে জানা গেছে, তেলিয়ামুড়া থানাধীন ডিএম কলোনি এলাকার বাসিন্দা টোটন দাস (২৬) বৃহস্পতিবার সন্ধ্যার দিকে মায়ের কাছে ১০০ টাকা দাবি করে। দিনমজুর মা কোনক্রমে সংসার চালান। ছেলের আবদার মেটাতে অক্ষম হলেও শেষ পর্যন্ত কষ্ট করে ৪০ টাকা তুলে দেন। সেই টাকা “পৌঁশায়নি” ছেলের— অভিযোগ পরিবারের।
স্থানীয় সূত্রে জানা যায়, টাকা নিয়ে বচসার পর টোটন তেলিয়ামুড়া শহরের ব্যস্ত বাজারে গিয়ে একটি কীটনাশক ওষুধের দোকান থেকে বিষক্রিয়ার ওষুধ কিনে সবার সামনে তা পান করে আত্মহত্যার চেষ্টা করে। ঘটনার মুহূর্তে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
দ্রুত বাজারের দোকানদার ও পথচারীরা অগ্নিনির্বাপক দপ্তরে খবর দিলে দমকল কর্মীরা এসে টোটনকে উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে।
টোটনের মা জানান, “আমি দিন মজুরি করে সংসার চালাই। ইট ভেঙে যা পাই, তাই দিয়ে খরচ চলে। ছেলের হাতে ৪০ টাকা দিয়েছিলাম। সেই টাকাতেই সে বিষ খেয়ে বসে।”
ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভের পরিবেশ তৈরি হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে ঘটনার পেছনের কারণ খতিয়ে দেখতে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*