জুয়ারিকে জেরা করে এজেন্টকে জালে তুলল পুলিশ, খোয়াই এনপিসি পাড়া থেকে ধৃত দুলাল শুক্লবৈদ্য ওরফে দুলু

গোপাল সিং, খোয়াই, ১৬ নভেম্বর || খোয়াইয়ে তীর-জুয়ার বিরুদ্ধে পুলিশের ধারাবাহিক অভিযানের ফল মিলল আরও এক ধাপে। জুয়ার গ্রাহক সজল তাঁতীকে জেরা করে পুলিশ এবার জালে তুলল মূল এজেন্ট দুলাল শুক্লবৈদ্য ওরফে দুলুকে। এনপিসি পাড়া এলাকায় রমরমা চলা এই অবৈধ কারবারের সূত্র উদঘাটনের পর শনিবার গভীর রাতে তাকে আটক করে খোয়াই সুভাষপার্ক পুলিশ ফাঁড়ির দল।
গতকাল ওসি রঞ্জিত সরকারের নেতৃত্বে সুভাষপার্ক ফাঁড়ির অভিযানেই প্রথম ধরা পড়ে অল্পবয়সী যুবক সজল তাঁতী। তার কাছ থেকে উদ্ধার হওয়া মোবাইল ফোনে তীর-জুয়ার লেনদেন, নম্বর বাছাই, অর্থ আদান–প্রদানের প্রমাণসহ বিভিন্ন দিনের তথ্য মিলতেই তদন্ত নতুন দিকে মোড় নেয়। সেই সূত্র ধরেই উঠে আসে মূল এজেন্ট দুলুর নাম। রাতেই পুলিশ তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে।
খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের প্রধান ফটকের ঠিক পাশেই দীর্ঘদিন ধরে তীর-জুয়ার অবৈধ কারবার চলছিল। স্থানীয় কিছু দোকানদার চায়ের দোকানের আড়ালে স্কুল সংলগ্ন এলাকায় প্রতিদিন এই জুয়ার লেনদেন চালিয়ে আসছিল বলে অভিযোগ। বহু ছাত্র-যুবক প্রতিদিন এই জায়গায় জড়ো হয়ে জুয়ার নেশায় ক্রমশ ডুবে যাচ্ছিল। স্থানীয়দের আশঙ্কা, শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে এই ধরনের কর্মকাণ্ড ভবিষ্যৎ প্রজন্মকে বিপথগামী করছে।
গোপন সূত্রে খবর পেয়ে শনিবার সকালে অভিযান চালায় সুভাষপার্ক ফাঁড়ির পুলিশ। গ্রেফতার করা হয় সজল তাঁতীকে। তার কাছ থেকে পাওয়া সাড়ে তিন হাজার টাকা ও মোবাইল ফোনে মিলেছে তদন্ত এগিয়ে নেওয়ার মতো গুরুত্বপূর্ণ প্রমাণ। সেই তথ্য বিশ্লেষণ করেই দুলুর সপক্ষে-অপক্ষে আর্থিক লেনদেন, প্রতিদিনের তীর নম্বর সংগ্রহ ও বিতরণের ডেটা মেলে।
তদন্তকারী অফিসারদের মতে, সজলের মোবাইল থেকে পাওয়া তথ্য জুয়ার পুরো নেটওয়ার্ক শনাক্ত করতে বড় ভূমিকা রাখবে। দুলু এই এলাকায় দীর্ঘদিন ধরেই সংখ্যার কারবার নিয়ন্ত্রণ করছিল এবং যুবকদের প্রলোভন দেখিয়ে জড়িয়ে নিচ্ছিল বলে প্রাথমিক অনুমান।
ওসি রঞ্জিত সরকার বলেন, “তীর-জুয়ার মূল এজেন্টকে ধরতে পারা আমাদের বড় সাফল্য। শুধু ছোটখাটো খেলোয়াড় নয়, এই চক্রের মূলোৎপাটনই আমাদের লক্ষ্য। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে আরও বড় নেটওয়ার্কের সন্ধান মিলবে বলে আশা করছি।”
তিনি আরও জানান, “স্কুলের মতো সংবেদনশীল জায়গায় এভাবে জুয়ার ব্যবসা চলতে দেওয়া যায় না। নিয়মিত অভিযান চলবে। শহরে বেআইনি জুয়ার কারবার পুরোপুরি নির্মূল করা হবে।”
দুলুর গ্রেপ্তারের খবরে খোয়াই শহরজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় মানুষ পুলিশ প্রশাসনের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন এবং ভবিষ্যতে কঠোর নজরদারির দাবি তুলেছেন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*