আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৫ নভেম্বর || “সংবাদ মাধ্যম সমাজের দর্পণ। রাষ্ট্র নির্মাণে সাংবাদিকতার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।” — জাতীয় প্রেস ডে উপলক্ষ্যে এই বার্তাই দিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।
রবিবার আগরতলার সুকান্ত অ্যাকাডেমি প্রেক্ষাগৃহে জাতীয় প্রেস ডে উদযাপন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী সাংবাদিক সমাজকে উদ্দেশ করে বলেন, সত্যনিষ্ঠ তথ্য মানুষের কাছে পৌঁছে দিতে সংবাদমাধ্যমকে আরও সংবেদনশীল হয়ে কাজ করতে হবে। একই সঙ্গে তরুণ প্রজন্মের সাংবাদিকদের দক্ষতা ও পেশাগত মানোন্নয়নে বেশি করে সেমিনার ও প্রশিক্ষণমূলক কর্মশালা আয়োজনের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা মানবাধিকার কমিশনের চেয়ারপার্সন ও প্রাক্তন বিচারপতি অরিন্দম লোধ, আইসিএ বিভাগের সচিব ড. পি. কে. চক্রবর্তী, আমন্ত্রিত সম্পাদক সানিত দেবরায়, এবং জাতীয় প্রেস ডে–র এবারের থিম ‘Safeguarding Press Credibility Amidst Rising Misinformation’ বিষয়ে মূল আলোচনা উপস্থাপন করেন এক্সিকিউটিভ এডিটর মানস পাল।
এছাড়া উপস্থিত ছিলেন আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার। পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য।
সুকান্ত অ্যাকাডেমির অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে সাংবাদিক, গণমাধ্যম কর্মী এবং বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। জাতীয় প্রেস ডে উপলক্ষ্যে সংবাদ–স্বচ্ছতা, গণমাধ্যমের নৈতিক দায়িত্ব ও ভুয়ো তথ্যে লাগাম টানার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলিও আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে।
