বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১৭ নভেম্বর || জোলাইবাড়ী কৃষি দপ্তরের তত্ত্বাবধায়ক শ্রীদাম দাসের উদ্যোগে দেবদারু এলাকায় সোমবার অনুষ্ঠিত হলো এক বিশেষ কৃষি প্রশিক্ষণ কর্মশালা। রাজ্য সরকারের কৃষকের আয় দ্বিগুণ করার লক্ষ্যকে সামনে রেখে জোলাইবাড়ী কৃষি দপ্তর ধারাবাহিকভাবে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করছে। তারই অংশ হিসেবে মহিলাদের কৃষিকাজে আরও উৎসাহিত করতে এদিন আয়োজন করা হয় এই বিশেষ প্রশিক্ষণ।
এদিন জোলাইবাড়ী এলাকার নির্বাচিত মহিলা কৃষকদের নিয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেন কৃষি বিজ্ঞান কেন্দ্রের দুই অভিজ্ঞ বিজ্ঞানী। জৈবিক পদ্ধতিতে চাষাবাদ এবং প্রাকৃতিক জৈব সার তৈরির কৌশল সম্পর্কে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করা হয়। প্রশিক্ষণ অনুষ্ঠানে মহিলারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং আধুনিক কৃষি প্রযুক্তি বিষয়ে উৎসাহ প্রকাশ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জোলাইবাড়ী এগ্রি স্ট্যান্ডিং কমিটির প্রেসিডেন্ট জয়দেব দত্ত, দেবদারু কৃষি দপ্তরের সেক্টর অফিসারসহ এলাকার জনপ্রতিনিধিরা। স্থানীয় মহিলা কৃষকদের মধ্যে অনুষ্ঠানকে ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
জৈব কৃষির প্রসার ও মহিলাদের কৃষিখাতে আরও সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে এই উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।
