গোপাল সিং, খোয়াই, ১৭ নভেম্বর || সোনামুড়া মহকুমার যাত্রাপুর থানা এলাকা বহুদিন ধরেই রাজ্যের অন্যতম গাঁজা চাষের হটস্পট হিসেবে পরিচিত। তবে নতুন ওসি সিতি কণ্ঠ বর্ধন দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি যাত্রাপুর থানায় মাদকবিরোধী অভিযানকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন। গত কয়েক মাসে তাঁর নেতৃত্বে ১১ দফায় অভিযান চালানো হয়েছে, মাঝে মাঝে বিএসএফকেও সঙ্গে রেখে। প্রতিটি অভিযানেই ধ্বংস হয়েছে একাধিক গাঁজা প্ল্যান্টেশন।
সোমবার ভোরেও পরিচালিত হলো তেমনই বড়সড় অভিযান। সকাল ঠিক ছয়টায় বিশাল বাহিনী নিয়ে কালিখলা এডিসি ভিলেজ এলাকার ঘন জঙ্গলে তল্লাশি শুরু করে যাত্রাপুর থানার পুলিশ। ওসির দাবি—এদিন মোট অন্তত ১৫ হাজারের মতো গাঁজা গাছ ধ্বংস করা হয়েছে। অভিযানে অংশ নেন সাব-ইন্সপেক্টর প্রীতম দত্ত, এএসআই কাফুরাই দেববর্মা, থানার একাধিক কনস্টেবল ও টিএসআর জওয়ানরা।
অভিযান চলেছে প্রায় আড়াই ঘণ্টা ধরে। ভোরের আলো একটু ফোটার পর থেকেই প্লট ধরে ধরে কেটে ফেলা হয় গাঁজা গাছ। পুরো এলাকা ঘিরে রেখে নির্বিঘ্নে অভিযান সম্পন্ন করে ফেরে বাহিনী।
ওসি সিতি কণ্ঠ বর্ধন জানান, “গোপন খবর পেলেই অভিযান হবে। গাঁজা চাষ এই এলাকায় বছরের পর বছর ধরে একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছিল। আমরা দৃঢ়ভাবে জানিয়ে দিতে চাই—অবৈধ চাষ বন্ধ করতেই হবে, আর পুলিশের অভিযান চলবে নিয়মিত।”
