আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৭ নভেম্বর || ত্রিপুরা পাম্প অপারেটর সংঘের উদ্যোগে সোমবার আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে অনুষ্ঠিত হয় এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক। উপস্থিত ছিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য, সংগঠনের সভাপতি বীরেন্দ্র দাসসহ অন্যান্য নেতৃত্ব।
বৈঠকে পাম্প অপারেটররা তাদের দাবি দাওয়া তুলে ধরে জানান— চাকরির মেয়াদ শেষে যাতে প্রতি মাসে ন্যূনতম ৫ হাজার টাকা ভাতা প্রদান করা হয়। পাশাপাশি কর্মরত অবস্থায় কোনো অপারেটরের মৃত্যু হলে তাঁর পরিবারের একজন সদস্যকে চাকরি দেওয়ার দাবিও পেশ করেন তারা।
বক্তব্য রাখতে গিয়ে সাংসদ রাজীব ভট্টাচার্য বলেন, “বিজেপি সরকারের আমলে চাকরি বা বেতন বৃদ্ধির জন্য কাউকে আন্দোলন করতে হয় না। সরকার ক্ষমতায় আসার পরই পাম্প অপারেটরদের ভাতা বৃদ্ধি করেছে।” তিনি আরও জানান, জল সরবরাহ ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে নতুন করে প্রাম্প অপারেটর নিয়োগ করা হয়েছে।
পাম্প অপারেটরদের দাবি-দাওয়া ও সমস্যাগুলি দ্রুত সমাধানের আশ্বাসও দেন সাংসদ। বৈঠকে উপস্থিত সদস্যরা সংগঠনকে আরও শক্তিশালী করার সিদ্ধান্ত নেন।
