বিহারে এনডিএ’র ঐতিহাসিক জয় উদযাপনে হালাহালিতে বিজেপির বিজয় মিছিল ও সমাবেশ

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২২ নভেম্বর || বিহার বিধানসভা নির্বাচনে এনডিএ জোটের বিপুল জয়ের পর উচ্ছ্বাসে মেতেছে ত্রিপুরা রাজ্য বিজেপি। শনিবার কমলপুর কেন্দ্রের হালাহালি বাজারে ধলাই জেলা বিজেপি’র উদ্যোগে আয়োজিত হয় এক বিজয় মিছিল ও বিজয় সমাবেশ। সকাল থেকেই এলাকায় উৎসবের আবহে ভিড় জমাতে শুরু করেন বিজেপি কর্মী–সমর্থকেরা।
অনুষ্ঠানের সূচনায় স্বাগত ভাষণ দেন ধলাই জেলা বিজেপি’র সাধারণ সম্পাদক আশিস ভট্টাচার্য। এরপর বক্তব্য রাখেন বিধায়িকা স্বপ্না দাস পাল এবং প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক মনোজ কান্তি দেব। অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী সুধাংশু দাস।
জেলার ছয়টি মন্ডলের মন্ডল সভাপতি ও একঝাঁক নেতৃত্ব এদিনের সমাবেশে যোগ দেন। বক্তারা বিহারের ঐতিহাসিক রায়কে দেশের রাজনৈতিক পরিমণ্ডলে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক বলে উল্লেখ করেন।
বিজয় সমাবেশে বক্তব্য রাখেন মন্ত্রী সুধাংশু দাস। তিনি বলেন, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দূরদর্শী নেতৃত্বে বিহার রাজ্যের এই অভূতপূর্ব বিজয় শুধু বিহারের জনগণের আস্থা নয়, সারা দেশের বিজেপি সংগঠনকে আরও শক্তিশালী ও সুদৃঢ় করবে।
অনুষ্ঠান জুড়ে ছিল ঢাক–ঢোল, শোভাযাত্রা এবং কর্মীদের উচ্ছ্বাস। বিহারের বিজয়ে ত্রিপুরার রাজনৈতিক অঙ্গনেও দেখা গেল আনন্দের জোয়ার।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*