আপডেট প্রতিনিধি, কৈলাসহর, ২২ নভেম্বর || ত্রিপুরা আর্ট সোসাইটি অনুমোদিত কৈলাসহর চিত্রাংকন আর্ট স্কুলের উদ্যোগে রবিবার ঊনকোটি কলাক্ষেত্রে অনুষ্ঠিত হয়ে গেল বাৎসরিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান। অনুষ্ঠানের সূচনা হয় প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে। উদ্বোধন করেন কৈলাসহর পুরপরিষদের চেয়ারপারসন চপলা রানী দেবরায়। পরে সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক পর্ব শুরু হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্ডিপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সম্পা দাস পাল, কৈলাসহর পুরপরিষদের ভাইস চেয়ারম্যান নীতিশ দে, ত্রিপুরা আর্ট সোসাইটির সভাপতি কপিল কান্তি দাস, সম্পাদক অপাংশু দেব, বিশিষ্ট সমাজসেবী প্রীতম ঘোষ, আইনজীবী সুনির্মল দেব, শিক্ষক সঞ্জয় দত্ত ও অনুপ কুমার ধর, TAS সদস্যা মুক্তিরণী চৌধুরী, চিত্রাংকন আর্ট স্কুলের কর্ণধার বিনয় কুমার দে এবং ত্রিপুরা আর্ট সোসাইটির কৈলাসহর শাখার সভাপতি নির্মল সিনহা।
বিদ্যালয়ের সারা বছরের উপস্থিতি ও অঙ্কন প্রতিযোগিতায় সাফল্যের ভিত্তিতে মোট ৪৭৫ জন ছাত্র-ছাত্রীকে এদিন পুরস্কৃত করা হয়। দীর্ঘদিন ধরে কৈলাসহরে সুনামের সাথে চিত্রাংকন আর্ট স্কুল পরিচালনা করছেন কর্ণধার বিনয় কুমার দে।
অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের পাশাপাশি অভিভাবকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অতিথিবৃন্দ বক্তব্য রাখতে গিয়ে চিত্রাংকন আর্ট স্কুলের ভবিষ্যৎ সাফল্য ও উত্তরোত্তর শ্রীবৃদ্ধির কামনা করেন।
