পুলিশি অভিযানে এক ব্যক্তি সহ বাইক থেকে ৪৪ বোতল বিলেতি মদ উদ্ধার! তদন্তে মহিলা পুলিশ!

গোপাল সিং, খোয়াই, ২৩ নভেম্বর || খোয়াই শহরের প্রাণকেন্দ্রে সুভাষপার্ক পুলিশ ফাঁড়ির একেবারে সামনে চলতে থাকা অবৈধ মদের দৌরাত্ম্য। রবিবার তার চৌমুহনি এলাকায় একটি বাইক থেকে ৪৪ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে খোয়াই মহিলা থানার টিম। ঘটনাস্থল থেকেই আটক করা হয়েছে সুমেন দেববর্মা (পিতা- নরেন্দ্র দেববর্মা) নামে এক যুবককে। তাঁর বাড়ি বাইজালবাড়ী থানার অন্তর্গত রাধাকৃষ্ণ চৌধুরী পাড়ায়।
মহিলা থানার সূত্র জানায়, সিভিল টিমের গোপন তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। আটক সুমেন দেববর্মার কাছ থেকে পাওয়া তথ্যের ওপর ভিত্তি করে এখন পুলিশ তদন্ত আরও এগিয়ে নিতে চায়। সূত্রের খবর, কোন কোন মদের দোকান থেকে অবৈধভাবে বিদেশি মদ বাজারে সরবরাহ করা হচ্ছে—তা চিহ্নিত করতে খুব শিগগিরই একাধিক দোকানে হানা দিতে পারে মহিলা থানার দল।
অভিযোগ উঠেছে, সুভাষপার্ক পুলিশ ফাঁড়ির ঠিক বিপরীত দিকেই একটি দেশি–বিদেশি মদের দোকান রয়েছে। মাত্র ৫০০ মিটারের মধ্যে আরও দুটি দোকান। স্থানীয়দের দাবি, প্রতিদিনই এই অঞ্চল থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ সহ দুষ্কৃতীরা ধরা পড়ছে, কিন্তু সুভাষপার্ক ফাঁড়ির পক্ষ থেকে দৃশ্যমান কোনো উদ্যোগ নেই। ফলে প্রশ্ন উঠছে—ফাঁড়ির নাকের ডগায় এই অবৈধ ব্যবসা কীভাবে এত নির্ভয়ে চলছে?
মহিলা থানার পদক্ষেপে যদিও একটু নড়েচড়ে বসেছে প্রশাসন, তবে সাধারণ মানুষের প্রত্যাশা—এবার যেন বড় ধরনের অভিযান চালিয়ে পুরো চক্রটিকেই ভেঙে দেওয়া হয়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*