গোপাল সিং, খোয়াই, ২৪ নভেম্বর || আইনের সুশাসনে ১৮ বছরের দীর্ঘ প্রতীক্ষার অবসান। দুস্কৃতীদের হামলা, হুমকি ও রক্তচক্ষুকে উপেক্ষা করে দীর্ঘ ১৮ বছরের আইনি সংগ্রামের শেষে অবশেষে ন্যায় বিচার পেলেন খোয়াই পদ্মবিলের নগেন্দ্র ঋষিদাস। আদালতের নির্দেশে আজ সাড়ে সাত কানি জবরদখল হওয়া জমির দখল ফিরিয়ে দেওয়া হয় প্রকৃত মালিকের হাতে। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন খোয়াই সুভাষপার্ক পুলিশ ফাঁড়ির ওসি রঞ্জিত সরকার, বাইজালবাড়ী থানার ওসি-সহ পুলিশ বাহিনী।
মিডিয়ার সামনে ছেলে বিক্রম ঋষিদাস এবং তাঁর বাবা নগেন্দ্র ঋষিদাস জানান, অসীম দাস, নরেশ পাল এবং টুটন পাল নামে কয়েকজন ব্যক্তি বহুদিন ধরে জমিটি বেআইনিভাবে দখল করে রেখেছিল। শুধু তাই নয়, তাঁদের উপর বারবার হামলা, অতর্কিত আক্রমণ ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। বিক্রমের অভিযোগ, একাধিকবার তাঁর বাবাকে মেরে ফেলার চেষ্টা পর্যন্ত করা হয়েছে।
তবুও ভয় না পেয়ে, সব বাধা উপেক্ষা করে তাঁরা আইনের পথ বেছে নেন। দীর্ঘদিনের মামলা ও সংগ্রামের পর আদালত অবশেষে জমির প্রকৃত মালিকানা স্বীকৃতি দিয়ে দখল ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেয়। আদালতের নির্দেশ কার্যকর করতে পুলিশ বাহিনী মঙ্গলবার উপস্থিত থেকে জমিটি নগেন্দ্র ঋষিদাসের হাতে তুলে দেয়।
বিক্রম ঋষিদাস পুলিশ প্রশাসন, আদালত, মিডিয়া এবং আইনি সহায়তাকারী হিসেবে তাঁদের পক্ষের আইনজীবী এডভোকেট চন্দন দাসকে ধন্যবাদ জানান। তাঁর কথায়, এত বছরের লড়াই আজ সফল হল, কিন্তু এ পথে তাঁদের পরিবারকে যে ভয়, আতঙ্ক ও জীবনের ঝুঁকি নিতে হয়েছে—তা কোনোদিন ভোলার নয়।
